স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার, দুর্বৃত্তের হাতে তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশার টাকা না পেয়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া গ্রামে গতকাল রোববার হাসিনা খাতুন (৩০) নামের এক গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী ফরিদ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
একই দিন সদর উপজেলার চরঘোষপুর দোহরাপাড়া মহল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফরিদ মণ্ডল (২৫) নামে এক তরুণ খুন হয়েছেন।
নিহত গৃহবধূর পরিবার ও পুলিশ সূত্র জানায়, হাসিনা চৌবাড়িয়া গ্রামের হজরত আলীর মেয়ে। প্রায় সাত বছর আগে একই গ্রামের ফরিদের সঙ্গে তাঁর বিয়ে হয়। সম্প্রতি ফরিদ মাদকাসক্ত হয়ে পড়ে। গতকাল সকাল ১০টার দিকে টাকার জন্য স্ত্রীকে মারধর শুরু করে সে। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ি থেকে লাশটি উদ্ধার ও ফরিদকে আটক করে। এ ঘটনায় হাসিনার বাবা ফরিদকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, মারধরের একপর্যায়ে হাসিনাকে শ্বাসরোধে হত্যা করে ফরিদ।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহত হাসিনার গলায় রশির দাগ দেখা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
পাবনা সদর থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ফরিদ মণ্ডল মহল্লার একটি সেলুনে বসে চুল কাটাচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন দুর্বৃত্ত সেলুনে ঢুকে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে ওই তরুণ মারা যান।
থানার ওসি আশরাফুল হক বলেন, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।