স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় রেখা বেগম (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আলম আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ আজ সোমবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গত শনিবার সকালে ভালুকা ডিগ্রি কলেজের সামনের একটি ডাস্টবিন থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ ওই নারীর পরিচয় জানতে পারে। হত্যাকাণ্ডের এক দিন পর গতকাল রোববার রাতে ফুলবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে নিহত নারীর স্বামী আলম আকন্দকে গ্রেপ্তার করে পুলিশ।

ভালুকা মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ওসি জানান, নিহত রেখা বেগম ভালুকা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আলম আকন্দের স্ত্রী ছিলেন। রেখার মৃত্যুর পর থেকে আলম পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার চৌরধার গ্রাম থেকে আলমকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আলমের ছোট দুই ভাই মামুন আকন্দ ও মোস্তফা আকন্দকেও একই এলাকা থেকে আটক করে পুলিশ।
ওসি জানান, জিজ্ঞাসাবাদে আলম স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন এবং পরে লাশ ভ্যানে করে ওই ডাস্টবিনে ফেলে যান বলে স্বীকার করেন তিনি। গ্রেপ্তার আলম আকন্দ আজ দুপুরে আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।