স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
ফেনীর ছাগলনাইয়ায় এক নারীকে তাঁর স্বামী পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী হারুনুর রশিদ ভূঁঞাকে গ্রেপ্তার হয়েছেন।
গতকাল সোমবার রাতে ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম আঞ্জুমানারা আক্তার ওরফে মনি (৩৫)।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, আঞ্জুমানারাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে এমন আলামত পাওয়া গেছে। এ ঘটনায় নিহত নারীর ছোট ভাই মনসুর আহম্মদ আজ মঙ্গলবার সকালে ছাগলনাইয়া থানায় হত্যা মামলা করেছেন। এই মামলায় আঞ্জুমানারার স্বামী হারুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রের ভাষ্য, পারিবারিক বিষয় নিয়ে হারুনের সঙ্গে আঞ্জুমানারার বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। গতকাল রাত নয়টার দিকে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হারুন তাঁদের শোয়ার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে স্ত্রীকে মারতে শুরু করেন। এ সময় তাঁদের দুই কিশোরী মেয়ে চিৎকার করে দরজা খুলতে বলে। কিন্তু তাঁদের বাবা দরজা খোলেননি।
খবর পেয়ে ছাগলনাইয়া থানা-পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। শোয়ার ঘরের দরজা খুলে তারা আঞ্জুমানারার নিথর দেহ পায়। সেখান থেকে হারুনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আঞ্জুমানারার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের¯জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।