স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী হত্যার অভিযোগে শরিফুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিকনগরের নিজ বাড়ি থেকে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

নিহত গৃহবধূর নাম সাদিয়া খাতুন (২৭)। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়ার সুলতানপুর মাড়মি গ্রামের সাবেদ আলী সরদারের মেয়ে। সাদিয়ার দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সাদিয়ার বাবার অভিযোগ, তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে শরিফুল ইসলাম।

সাদিয়ার বাবা সাবেদ আলী সরদার ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগে জানান, চার বছর আগে মানিকনগর গ্রামের মোহম্মদ আলীর ছেলে শরিফুল ইসলামের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে শরিফুল যৌতুকের দাবিতে সাদিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। সোমবার সন্ধ্যায় যৌতুকের দাবিতে শ্বশুর-শাশুড়ির সহযোগিতায় শরিফুল বেধড়ক পিটিয়ে সাদিয়াকে জখম করে। একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে সাদিয়ার লাশ ঘরে ঝুলিয়ে রাখে। স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন শরিফুলকে আটক করে পুলিশে খবর দেয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার প্রথম আলোকে বলেন, সাদিয়াকে হত্যার অভিযোগে বাবা সাবেদ আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় শরিফুল ইসলাম, শ্বশুর মোহাম্মাদ আলী ও শাশুড়ি মিনা খাতুনকে আসামি করা হয়েছে। সাদিয়ে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা শরিফুলকে আটক করে পুলিশে খবর দেয়। সাবেদ আলীর করা মামলায় শরিফুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে শ্বশুর-শাশুড়ি পলাতক।

ওসি আবদুল হাই তালুকদার জানান, গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের পর থানায় রাত সাড়ে ৮টার দিকে শরিফুল প্রথম আলোর কাছে দাবি করেন, গতকাল রোববার দিবাগত রাতে পারিবারিক বিষয় নিয়ে সাদিয়ার সঙ্গে তাঁর ঝগড়া হয়। আজ সাদিয়া তাঁর সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলেন। কিন্তু সন্ধ্যার আগে শুনতে পান সাদিয়া গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ঘরের দরজা ভেঙে সাদিয়ার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।