স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ আদালতের বিচারক মাসুদুর রহমান গতকাল সোমবার এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম আবদুস সালাম (৩৩)। সে উল্লাপাড়া উপজেলার দহখোলা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১০ বছর আগে আবদুস সালামের সঙ্গে উল্লাপাড়া উপজেলার দহখোলা গ্রামের ফাতেমা খাতুনের (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে সালাম ৫০ হাজার টাকা যৌতুকের জন্য চাপ দেয়। পরে ফাতেমার পরিবারের পক্ষ থেকে দুই দফায় এ টাকা দেওয়া হয়। এরপর আবারও ৫০ হাজার টাকা দাবি করে সালাম। সে টাকা দিতে অস্বীকার করে ফাতেমার পরিবার। এ ঘটনায় ফাতেমাকে প্রায়ই মারধর করত তাঁর স্বামী। এ কলহের জের ধরে ২০০৮ সালের ২৬ জুলাই রাতে ফাতেমাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে সেটা আত্মহত্যা বলে চালানোর জন্য ফাতেমার গায়ে আগুন ধরিয়ে দেন সালাম।

এ ঘটনায় নিহত ফাতেমার মামা গোলবার হোসেন বাদী হয়ে সালাম ও তার পরিবারের আটজনকে আসামি করে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আটজনকে বাদ দিয়ে শুধু সালামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) শেখ আবদুল হামিদ রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন।