স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোসাম্মৎ লুৎফা বেগম এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম বদিউজ্জামান ওরফে বাদশা। বাড়ি শহরের নলুয়াপাড়া এলাকায়। তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণের বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী আসাদুল্লাহ সাগর জানান, ২০০৮ সালে বদিউজ্জামানের সঙ্গে কেরানীগঞ্জের জান্নাতুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর বদিউজ্জামান পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর প্রায়ই নির্যাতন চালাতেন। একপর্যায়ে তাঁকে চার লাখ টাকা যৌতুক দেয় স্ত্রীর পরিবার। কিন্তু আরও ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে ২০১০ সালের ২৫ জানুয়ারি জান্নাতুলকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেন বদিউজ্জামান। এ ঘটনায় জান্নাতুলের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। শুনানি শেষে আজ আদালত রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন জান্নাতুলের বাবা জয়নাল। বদিউজ্জামানকে গ্রেপ্তার করে রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।