স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে স্বামীকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। 

নিহত স্ত্রীর নাম মিনা রানী (১৬)। সে নওগাঁ জেলার সদানন্দ চন্দ্র পালের মেয়ে।

দণ্ডপ্রাপ্ত স্বামীর নাম কাজল কুমার সরকার (২২)। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের সুখেশ চন্দ্রের ছেলে।

নিহত মিনা রানীর পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৫ সালের জুলাই মাসে মিনা পরিবারের অমতে কাজল কুমারকে বিয়ে করেন। বিয়ের তিন মাস পর ১২ অক্টোবর যৌতুকের দাবিতে মিনাকে হত্যা করেন স্বামী।

মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন বিকেল চারটার সময় স্ত্রী মিনা রানীকে মা-বাবার কাছ থেকে যৌতুক হিসেবে তিন লাখ টাকা এনে দিতে চাপ দেন স্বামী কাজল কুমার। মিনা তাতে অস্বীকৃতি জানালে স্বামী শ্বাসরোধে তাঁকে হত্যা করেন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন ২০১৫ সালের ৩১ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করেন।

ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম শাহজাহান কবির জানান, সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি কাজল কুমার সরকারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া আসামির কাছ থেকে অর্থদণ্ড হিসেবে এক লাখ টাকা আদায় করে মিনা রানীর মা-বাবার হাতে তুলে দিতে বলেছেন আদালত। মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষ্য দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।

এদিকে আসামিপক্ষের আইনজীবী মো. আলতাফ হোসেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আসামি নির্দোষ। অভিযোগের বিষয়ে আদালতে রাষ্ট্রপক্ষ তেমন কোনো সাক্ষ্য-প্রমাণ দিতে পারেনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।