স্ত্রী হত্যার পরে থানায় গিয়ে আত্মসমর্পণ
বিয়ের তিন মাসের মাথায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। গতকাল রোববার রাজধানীর তেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে। স্বামী মো. আয়নালকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানার পুলিশ। নিহত মাজেদা বেগমের (১৯) লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে তেজগাঁও পাইনা সরদারের বস্তি থেকে মাজেদার লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় লাশটি বিছানায় শোয়ানো ও গলায় ওড়না প্যাঁচানো ছিল।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্ত্রীকে হত্যার পর আয়নাল থানায় এসে আত্মসমর্পণ করেন। তিনি পুলিশকে বলেছেন, পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। তাঁকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন জানান, মাত্র তিন মাস আগেই মাজেদা ও আয়নালের বিয়ে হয়। মাজেদার বাবার নাম দরবেশ আলী। গ্রামের বাড়ি শেরপুরে।
বিশ্ববিদ্যালয় শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু: গতকাল সন্ধ্যায় উত্তরার এশিয়ান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষকের নাম আনোয়ার পারভেজ (৩৫)। তাঁর বড় ভাই আবু হানিফ জানান, তাঁদের বাড়ি পুরান ঢাকার চকবাজারে। প্রতিদিনের মতো আনোয়ার উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে বাসে ফিরছিলেন। বাসে জ্ঞান হারিয়ে ফেললে মগবাজার এলাকায় হলি ফ্যামিলি হাসপাতালের কাছে তাঁকে বাস থেকে নামিয়ে দেন বাসকর্মীরা। এরপর স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত সোয়া আটটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃত্যুসনদে চিকিৎসকেরা মৃত্যুর কারণ হিসেবে লিখেছেন বিষপ্রয়োগ।
স্বজনদের কেউ কেউ ধারণা করছেন, বাসে আসার সময় তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। আবার কেউ বলছেন, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। যোগাযোগ করা হলে রমনা থানার পুলিশ জানায়, তাঁদের দুজন কর্মকর্তা হাসপাতালে খোঁজ নিতে গেছেন।