কুষ্টিয়ার মিরপুরে শ্বাসরোধ করে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে এবং নিশান (১৪) নামের এক কিশোরকে হত্যার দায়ে দুই তরুণের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার জেলার পৃথক দুটি আদালত এ আদেশ দেন।
কুষ্টিয়ার মিরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. শিহাব ওরফে শিশিরকে (২৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান। দণ্ডপ্রাপ্ত আসামি শিহাব কুষ্টিয়ার মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মজিবর রহমান ফকিরের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ফুলতলা এলাকার আবদুল খালেকের বড় মেয়ে কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রী স্নিগ্ধা আক্তারকে (২০) প্রাইভেট পড়াতেন শিহাব। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁরা গোপনে বিয়ে করেন। ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে মিরপুর উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামে শিহাবের খালার বাড়ি বেড়াতে নিয়ে গিয়ে শিহাব স্নিগ্ধার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যান। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
শিহাবের খালার স্বীকারোক্তি অনুসারে নিহত স্নিগ্ধার ভাই আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে শিহাবের বিরুদ্ধে মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শিহাবের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাঁর মৃত্যুদণ্ডের আদেশ দেন।
কুষ্টিয়ার মিরপুরে কিশোর নিশান হত্যার দায়ে দুই তরুণের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক তৌহিদুল ইসলাম। এ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিরপুর উপজেলার স্বরূপদহ পালপাড়া গ্রামের কামাল হোসেন শেখের ছেলে সন্টু শেখ (২২) এবং সলেমান কারিকরের ছেলে মাহাবুল ইসলাম (২৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের ইনামুল মণ্ডলের ছেলে নিশান ভ্যান চালাত। আসামি সন্টু ও কামাল ২০১৫ সালের ২৫ জুলাই তার ভ্যান ভাড়া করে ভাংগা বটতলার উত্তর পাশে নিয়ে গিয়ে নিশানকে গলা কেটে হত্যার পর তার ভ্যান নিয়ে পালিয়ে যান। পরদিন ২৬ জুলাই পুলিশ নিশানের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিশানের বাবা ইনামুল মণ্ডল বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলাটি তদন্ত করে নিশানের হত্যাকারী হিসেবে সন্টু ও কামালকে শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সন্টু ও কামালের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।