স্ত্রীকে অন্যের স্ত্রী সাজিয়ে মামলার চেষ্টা, অতঃপর...
পরনে জীর্ণশীর্ণ সালোয়ার-কামিজ। কোলে ৪৫ দিনের শিশু। চোখে পানি। নিজেকে নির্যাতিত নারী দাবি করে বিনা খরচে সরকারি সহায়তায় মামলা দায়ের করতে আসেন এক নারী। তাঁর নাম খাদিজা বেগম (২৬)। সঙ্গে নিয়ে আসা স্বামী জসিমকে পরিচয় করিয়ে দেন খালাতো ভাই হিসেবে। ওই নারীর কান্না দেখে আবেদন ফরমও পূরণ করা হয়। মামলা পরিচালনা করতে সরকারি আইনজীবীও নিয়োগ দেন কার্যালয়ের কর্মকর্তারা।
পরে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করতেই খাদিজা অকপটে স্বীকার করেন তাঁর স্বামীর সঙ্গে পূর্বশক্রতার জের ধরে মিরসরাইয়ের সুজন নামে একজনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করতে আইনগত সহায়তা পেতে চট্টগ্রাম কার্যালয়ে এসেছেন তাঁরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে স্বামী-স্ত্রী দুজনের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়। সেই মামলায় গতকাল বিকেলে তাঁদের কারাগারে পাঠান আদালত।
জানতে চাইলে খাদিজা বেগম গতকাল আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, ‘মামলার আসামি সুজনকে আমি চিনি না। জসিমের কথামতো আমি কোলে বাচ্চা নিয়ে মিসরাইয়ের সুজনের স্ত্রী সেজে নারী নির্যাতন মামলা করতে এসেছি।’
একই প্রসঙ্গে জসিম জানান, মিরসরাইয়ের সুজন তাঁকে নানাভাবে হয়রানি করতো। তাই তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করতে আইনগত সহায়তা কার্যালয়ে এসেছেন।
বিনা খরচে সরকারি আইনগত সহায়তা চট্টগ্রাম কার্যালয়ের অফিস সহকারী এরশাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোলে ৪৫ দিনের একটি শিশুকে নিয়ে আদালত ভবনের নিচতলায় অবস্থিত আইনগত সহায়তার কার্যালয়ে গতকাল রোববার দুপুরে কান্নাকাটি করছিলেন এক নারী। তাঁর অভিযোগ ছিল, স্বামী সুজন তাঁকে নির্যাতন করছে। পরে তাঁর কথামতো মামলা করতে আবেদন ফরমও পূরণ করা হয়। আইনগত সহায়তা কমিটি চট্টগ্রামের কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী জজ মুজাহিদুর রহমান ওই নারীর কাছে নির্যাতনের বিষয়ে জানতে চান। এ সময় স্বামী জসিমকে নিজের খালাত ভাই বলে পরিচয় দেন। একপর্যায়ে ওই নারী এলোমেলো তথ্য দিলে জজের সন্দেহ হয়। জজ সঠিক তথ্য জানতে চাইলে অকপটে ওই নারী স্বীকার করেন, জসিমের কথামতো মিরসরাইয়ের জাফরাবাদ এলাকার মগাদিয়া ইউনিয়নের সুজনের (৪০) বিরুদ্ধে তাঁর স্ত্রী সেজে ভুয়া নারী নির্যাতন মামলা করতে এসেছেন। তিনি সুজনকে চেনেন না।
পরে নগরের কোতোয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হলে উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন খাদিজা ও তাঁর স্বামী জসিমকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে তিনি বাদী হয়ে প্রতারণা আইনে দুজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
আইনগত সহায়তা কমিটি চট্টগ্রামের আইনজীবী ইসকান্দর সোহেল প্রথম আলোকে বলেন, খাদিজা নিজেকে নির্যাতিত দাবি করতে কোলে শিশু নিয়ে আসেন। যাঁর বিরুদ্ধে মামলা করতে এসেছেন তাঁর ছবির সঙ্গে নিজের ছবিও যুক্ত করেন কৌশলে। যা সহজে বোঝার কোনো উপায় নেই।
উল্লেখ্য, ১৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলার বাদী সেজে মিথ্যা সাক্ষ্য দিতে আছমা আক্তার নামের এক নারীকে পুলিশে দিয়েছিলেন চট্টগ্রামের বিচারিক হাকিম ফারহানা ইয়াছমিন।