স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সালমা বেগম নামের এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোররাতে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার উতরাইল বটতলা বাজার মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ সদস্যরা।
সাইফুল ইসলাম (৩০) বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাতি গ্রামের আবদুল শেখের ছেলে। তিনি বেলকুচিতে তাঁতশ্রমিক হিসেবে কাজ করেন।
১৬ নভেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। সালমা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। সালমা বেগম (২৩) সাইফুলের দ্বিতীয় স্ত্রী। সাইফুলের প্রথম স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকেন। মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে সালমার সঙ্গে সাইফুলের প্রেম হয়। এক বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে সাইফুল শ্বশুরবাড়িতেই বসবাস করছেন।
আজ দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা ওই এলাকায় অভিযান শুরু করে। আজ ভোররাতে সাইফুলকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সাইফুল অ্যাসিড নিক্ষেপের কথা স্বীকার করেছেন।
সাইফুলের দেওয়া তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে সাইফুল বাড়ি থেকে বের হয়ে যান। রাতেই বেলকুচি মুকুন্দগাতী বাজারের একটি দোকান থেকে অ্যাসিড কিনে তা ঘরের মধ্যে লুকিয়ে রাখেন। রাতে স্ত্রী ঘুমিয়ে গেলে ঘুমন্ত স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান।
গ্রেপ্তারের পর র্যাব সাইফুল ইসলামকে বেলকুচি থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, অ্যাসিড নিক্ষেপের ঘটনার পরপরই সালমার বাবা সোলায়মান হোসেন বাদী হয়ে মামলা করেন। এতে সালমার স্বামী সাইফুলকে আসামি করা হয়।
ওসি জানান, সাইফুলকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হবে।