স্ত্রীকে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের টাকা না দেওয়ায় জামালপুরের এক ব্যক্তি তাঁর স্ত্রীর শরীর অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ব্যক্তির শাশুড়ি তাঁর বিরুদ্ধে ৬ মার্চ শেরপুরের একটি আদালতে মামলা করেছেন।
নির্যাতনের শিকার হওয়া ওই নারীর নাম তাসলিমা বেগম (২৫)। তিনি শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গনইভরুয়াপাড়া গ্রামের রিকশাচালক আকাব্বর আলীর মেয়ে। গত ১৬ জানুয়ারি গভীর রাতে ঢাকার আবদুল্লাহপুরের একটি ভাড়া ঘরে তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়। বর্তমানে তিনি ঢাকার অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশনের হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় তাসলিমার মা জোসনা বেগম বাদী হয়ে তাসলিমার স্বামী ফরিদ মিয়া (৩০) ও দেবর করিম মিয়ার (২৬) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। মামলায় অ্যাসিড নিক্ষেপ ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করায় তাসলিমাকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান মামলাটি আমলে নিয়ে তা এজাহার হিসেবে গ্রহণের জন্য শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
তাসলিমার স্বামী ফরিদ ও দেবর করিম জামালপুরের সদর উপজেলার নারায়ণপুর জামতলি গ্রামের ইসমাইল মণ্ডলের ছেলে। ফরিদ ঢাকার একটি তৈরি পোশাক কারখানার কর্মী। তাসলিমা ঢাকার আবদুল্লাহপুরের একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
মামলার আরজি সূত্রে জানা গেছে, দেড় বছর আগে ফরিদ মিয়ার সঙ্গে তাসলিমার বিয়ে হয়। গত ১৬ জানুয়ারি ফরিদ স্ত্রী তাসলিমার কাছে যৌতুক বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন। কিন্তু টাকা না দেওয়ায় ফরিদ তাঁর ভাই করিমের সহযোগিতায় ওই দিন রাতে তাসলিমার শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন। পরদিন স্বামী ও দেবরই তাসলিমাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। গত ৩১ জানুয়ারি তাঁরা সেখান থেকে তাসলিমাকে শেরপুর নিয়ে তাঁর বাবার বাড়িতে রেখে পালিয়ে যান।
গত ৩ ফেব্রুয়ারি তাসলিমাকে তাঁর বাবার বাড়ির লোকজন শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। গত ৬ ফেব্রুয়ারি শেরপুর ব্র্যাক কার্যালয়ের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে (তাসলিমা) অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশনের হাসপাতালে স্থানান্তর করা হয়। জেলা সদর হাসপাতাল থেকে গত ৫ ফেব্রুয়ারি দেওয়া ছাড়পত্রে তাসলিমা ‘অ্যাসিড বার্ন’ রোগী ছিলেন বলে উল্লেখ করা হয়।
জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তাসলিমা অভিযোগ করেন, যৌতুকের টাকা না দেওয়ায় ফরিদের নিক্ষেপ করা অ্যাসিডে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
তাসলিমার শরীরে অ্যাসিড নিক্ষেপ ও তাঁর কাছে যৌতুক চাওয়ার অভিযোগ অস্বীকার করে ফরিদ মিয়া মুঠোফোনে বলেন, তিনি তাসলিমার শরীরে অ্যাসিড ছোড়েননি। তাসলিমাই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে তিনি (ফরিদ) হাতে আঘাত পেয়েছিলেন।
অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশনের হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ ৬ মার্চ প্রথম আলোকে বলেন, তাসলিমার শরীরে তিন দফা অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ দগ্ধ হওয়ায় এখনো তিনি শঙ্কামুক্ত নন।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, এখনো আদালতের আদেশ পাননি। ওই আদেশ হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেবেন।