স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জ নগরের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড় এলাকার একটি বাড়িতে মিম আক্তার নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহবধূর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী মঞ্জু মিয়াকে আটক করা হয়েছে।
নিহত মিম আক্তার (২৮) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট এলাকার আব্দুস সাত্তারের মেয়ে। তাঁর স্বামী মঞ্জুর মিয়া (৩৫) সোনারগাঁ উপজেলার বস্তুল এলাকার বাসিন্দা। তাঁদের ১০ ও ৮ বছর বয়সী দুই সন্তান আছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন বলেন, বিকেল পাঁচটার দিকে ছয়তলা ভবনের চারতলায় আগুন দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে চারতলার একটি ফ্ল্যাটের স্নানঘর থেকে গৃহবধূর পোড়া লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে মঞ্জু মিয়া তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে দেন। মঞ্জু মিয়াকে আটক করা হয়েছে।