স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে স্বামী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলায় আহত হয়েছেন স্বামী। এ সময় বখাটের হামলায় আহত হয়েছেন স্ত্রীসহ আরও দুজন। গতকাল রোববার দুপুরে ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
ওই নারী দাখিল পরীক্ষার্থী। গত বৃহস্পতিবার পরীক্ষা শেষে ফাজিল মাদ্রাসা কেন্দ্রের বাইরে সাইমুন নামের এক যুবক তাঁকে উত্ত্যক্ত করেন।
মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রোববার দুপুরে ওই নারীর স্বামী নজরুল ইসলাম মাদ্রাসায় যান। তিনি অধ্যক্ষের কাছে তাঁর স্ত্রীর সঙ্গে অন্যায় আচরণের প্রতিকার চান। অধ্যক্ষের কক্ষ থেকে বেরিয়ে আসার পর সাইমুনের সঙ্গে তাঁর দেখা হয়। বৃহস্পতিবারের ঘটনার বিষয়ে জানতে চাইলে সাইমুন তাঁর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করেন সাইমুন। এ সময় স্বামীকে রক্ষায় এগিয়ে যান স্ত্রী। তাঁকেও (স্ত্রী) আঘাত করেন সাইমুন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিদর্শী সম্বৌধি চাকমা, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম, সোনাগাজী থানার এসআই হারুনুর রশিদ ঘটনাস্থলে যান। ততক্ষণে পালিয়ে যান সাইমুন।
মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ দ্দৌলাহ বলেন, পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে কিছু বহিরাগত ঝামেলা করেছে বলে তিনি শুনেছেন।
বিদর্শী সম্বৌধি চাকমা বলেন, ওই নারী পরীক্ষার্থী ও তাঁর স্বামীকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছেন তাঁরা।