চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলাউদ্দিন হত্যা মামলা
স্ত্রীকে উত্ত্যক্ত করায় প্রতিশোধ নিতে খুন
স্ত্রীকে উত্ত্যক্ত করায় প্রতিশোধ নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আলাউদ্দিনকে খুন করার পরিকল্পনা করেন ইকবাল হোসেন। এতে সায় দেন তাঁর স্ত্রী ইয়াছমিন আক্তারও। পরিকল্পনা অনুযায়ী ইয়াছিমনকে দিয়ে মুঠোফোনে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার একটি বাসায় ডেকে আনা হয় আলাউদ্দিনকে। সেখানে তাঁকে খুন করা হয়।
হত্যাকাণ্ডে অংশ নেন তিনজন। হত্যার পরিকল্পনা করা হয় ঘটনার চার দিন আগে। আলাউদ্দিন হত্যায় গ্রেপ্তার এক তরুণীসহ চারজন পুলিশকে এসব কথা বলেন। পরে গতকাল বুধবার সকালে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় পুলিশের উপস্থিতিতে প্রথম আলোকে একই কথা বলেন ইয়াছমিন আক্তার ও তাঁর স্বামী ইকবাল হোসেন।
গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে অপরাধ স্বীকার করে স্বামী-স্ত্রী জবানবন্দি দেন বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার বাকি দুই আসামি মো. তৈয়ব ও মো. হেলালকে জিজ্ঞাসাবাদ করতে একই আদালতে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের রাউজান থেকে ইয়াছিন ও তাঁর স্বামীকে এবং ভোলার লালমোহন এলাকা থেকে বাকি দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
২২ মার্চ বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর এলাকায় ভাড়া নেওয়ার কথা বলে একটি বাসায় ঢোকেন এক তরুণীসহ চারজন। বাসা পছন্দ হয়েছে বলে তাঁরা বাড়ির তত্ত্বাবধায়ককে জানান এবং ওই দিন থেকেই সেখানে থাকার আগ্রহ প্রকাশ করেন। এতে রাজি হন তত্ত্বাবধায়ক। এর তিন ঘণ্টার মধ্যে একে একে বাসা থেকে বের হয়ে যান তরুণীসহ তিনজন। চতুর্থজনের (আলাউদ্দিন) লাশ পাওয়া যায় বাসার টয়লেটে হাত-পা বাঁধা অবস্থায়। ভৌতিক ছবির কাহিনির মতোই খুনের এই ঘটনাটি ছিল। নিহত আলাউদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়তেন।
এ ঘটনায় আলাউদ্দিনের বাবা শাহ আলম বাদী হয়ে ২৩ মার্চ রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা করেন।
পুলিশের উপস্থিতিতে গতকাল সকাল ১০টার বায়েজিদ বোস্তামী থানায় ইয়াছমিন আক্তার প্রথম আলোকে বলেন, নিহত আলাউদ্দিনের কাছে তিনি প্রাইভেট পড়তেন। দুজনের বাড়ি পাশাপাশি। হাটহাজারীর ফতেপুর গ্রামে। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। বিয়ের পর প্রেমের ঘটনাটি জানাজানি হলে বিবাহবিচ্ছেদ হয়। গত বছরের জুলাই মাসে ইকবালের সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। তিনি আরও বলেন, এই বিয়ের পর থেকে আলাউদ্দিন আবারও তাঁকে উত্ত্যক্ত করতে থাকেন। তাঁর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সম্পর্ক রাখতে বাধ্য করেন। বিষয়টি স্বামীকে জানানোর পর আলাউদ্দিনকে খুনের পরিকল্পনা করা হয়। তিনিই আলাউদ্দিনকে ফোন করে অক্সিজেন এলাকায় আসতে বলেন।
পুলিশকে কেন বিষয়টি জানানো হয়নি, জানতে চাইলে ইকবাল বলেন, ‘বিষয়টি ভুল হয়ে গেছে। মাথায় এত কিছু ছিল না।’
আলাউদ্দিনের ছোট ভাই মো. সালাউদ্দিন দাবি করেন, ইয়াছমিনই তাঁর ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন।
খুনের রহস্য উদ্ঘাটন করা নিয়ে বায়েজিদ বোস্তামী থানায় গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আবদুল ওয়ারীশ। তিনি বলেন, ২০১৬ সালের ২৫ জুলাই প্রথম স্বামীকে তালাক দিয়ে পরে রাউজানের ইকবালের সঙ্গে বিয়ে হয় ইয়াছমিনের। বিয়ের কিছুদিন পর ওমান চলে যান ইকবাল। অসুস্থ হয়ে চার মাস আগে দেশে ফেরেন ইকবাল। পুরো ঘটনা স্বামীকে খুলে বলার পর ঘটনার চার দিন আগে আলাউদ্দিনকে খুন করার পরিকল্পনা হয়।
উপকমিশনার বলেন, ঘটনার দিন বাসার বাইরে ছিলেন মো. মাসুদ। তিনি ইকবালের সৎভাই। বাসায় ঢোকার পর ইকবাল, হেলাল ও তৈয়ব মিলে আলাউদ্দিনকে বাসার টয়লেটের ভেতর শ্বাসরোধ করে হত্যা করে চলে যান।
বাড়ির তত্ত্বাবধায়ক হাসিনা আক্তার ঘটনার পর সাংবাদিকদের বলেছিলেন, এক তরুণীসহ চারজন বাসা ভাড়া নিতে এসেছিলেন। অন্যরা কীভাবে বাসায় ঢুকলেন, এই প্রশ্নের জবাবে আবদুল ওয়ারীশ বলেন, গ্রেপ্তার আসামিরা ঘটনা স্বীকার করে এভাবে বর্ণনা দিয়েছেন। হাসিনা আক্তার দরজা খুলে দিয়ে নিচতলায় তাঁর বাসায় চলে যান। বিকেল পাঁচটার পর আসামিরা একে একে বাসায় ঢুকলেও তিনি তা দেখতে পাননি। রাত আটটার দিকে বাড়ির তত্ত্বাবধায়ক টয়লেটে আলাউদ্দিনের লাশ দেখতে পান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) কাজী মুত্তাকী ইবনু মিনান ও বায়েজিদ বোস্তামী থানার ওসি।
পরে ওসি সাংবাদিকদের বলেন, পুলিশের একার পক্ষে এসব ঘটনা রোধ করা সম্ভব নয়। পরিবারের কেউ এমন অনৈতিক সম্পর্কে জড়ালে ভালোবাসা দিয়ে তাদের ফিরিয়ে আনতে হবে, অভিভাবকদের ভূমিকা রাখতে হবে।