স্ত্রীকে কুপিয়ে জখম করে স্বামীর আত্মহত্যা
সাতক্ষীরার তালা উপজেলায় স্ত্রীকে কুপিয়ে জখম করার পর স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্ত্রী ইরানি বেগমকে প্রথমে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আত্মহত্যাকারী ব্যক্তির নাম আক্তার আলী মোড়ল। তিনি ঘোনা গ্রামের গওর আলী মোড়লের ছেলে।
আহত ইরানি বেগমের ভাই অ্যাডভোকেট গাজী সফিলউদিন মুঠোফোনে প্রথম আলোকে জানান, তাঁর বোন ইরানির সঙ্গে স্বামী আক্তার আলী মোড়লের পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল রাতে ইরানিকে দা দিয়ে কুপিয়ে জখম করেন আক্তার আলী। ইরানি মারা গেছে মনে করে পরে আক্তার আলী বাড়ির পাশের আমগাছে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আক্তার আলী মোড়লের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।