স্ত্রীকে কুপিয়ে জখম, চোখ তোলার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চালমুলা গ্রামের ফাতেমা আক্তার নামের এক গৃহবধূ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। এ ছাড়া তাঁর চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, তাঁর স্বামী এ নির্যাতন চালিয়েছেন। এ ঘটনায় ভূঞাপুর থানায় তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে হামলা হয়েছে।
আসামিরা হলেন ফাতেমার স্বামী শফিকুল ইসলাম, শ্বশুর হামিদ মিয়া ও শাশুড়ি রোকেয়া বেগম।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১০ সালে উপজেলার চালমুলা গ্রামের হামিদ মিয়ার ছেলে শফিকুল ইসলামের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। শফিকুল নিকলা রাইপাড়া জামে মসজিদের ইমাম। কয়েক বছর ধরে অন্য এক নারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। এতে বাধা দিলেই ফাতেমাকে তিনি মারধর করতেন। ৩০ নভেম্বর টাঙ্গাইলের একটি ক্লিনিকে ফাতেমা সন্তান জন্ম দেন। ৫ ডিসেম্বর সন্তান নিয়ে বাড়িতে ফেরেন। পরদিন দিবাগত রাত দুইটার দিকে শফিকুল ধারালো অস্ত্র দিয়ে ফাতেমাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে তাঁর চোখ তুলে নেওয়ার চেষ্টা করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে শফিকুল পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফাতেমাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন।
হাসপাতালের বিছানায় শুয়ে ফাতেমা গতকাল রোববার প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে তাঁর স্বামীর সঙ্গে আরেক নারীর সম্পর্ক। এতে বাধা দেওয়ার জেরে শফিকুল তাঁকে কুপিয়ে হত্যা করতে চেয়েছিলেন।
ফাতেমার মা হালিমা আক্তার বলেন, ‘শফিকুল মসজিদের ইমাম। সে এত নিষ্ঠুর। আমার মেয়েকে এমন পৈশাচিক নির্যাতন করেছে যে কেউ দেখলে গা শিউরে উঠবে। শুধু আল্লাহ আমার মেয়েকে বাঁচিয়েছে। আমি এই নিষ্ঠুর নির্যাতনের উপযুক্ত বিচার চাই।’
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক পুতুল রায় বলেন, ফাতেমার মাথায় ৩০ থেকে ৩৫টি সেলাই পড়েছে। তাঁর চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। চোখের অবস্থাও অত্যন্ত খারাপ। তবে এখন তিনি আশঙ্কামুক্ত।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউছার চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার মামলা হয়েছে। ঘটনার পর থেকেই শফিকুলের বাড়ির লোকজন পালিয়ে বেড়াচ্ছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।