স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা
সাতক্ষীরার তালায় স্ত্রীকে কুপিয়ে জখম করার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাতে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত স্ত্রী ইরানি বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আত্মহত্যাকারী ব্যক্তি তালা উপজেলার বাসিন্দা ছিলেন।
আহত গৃহবধূর ভাই বলেন, তাঁর বোনের স্বামী মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁর বোনের সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক গড়ে ওঠেÑএমন অভিযোগে স্বামীর সঙ্গে তাঁর বোনের বিরোধ শুরু হয়। গত ১৫ থেকে ১৬ দিন আগে পারিবারিকভাবে তাঁদের মধ্যে সমঝোতা করে দেওয়া হয়। তারপর থেকে তারা একসঙ্গে বসবাস করে আসছিলেন।
তিনি বলেন, ওই ঘটনার জের ধরে রোববার দিবাগত রাতে তাঁর বোনকে দা কুপিয়ে জখম করেন তাঁর স্বামী। স্ত্রী মারা গেছেন মনে করে তিনি বাড়ির পাশের আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মারাত্মক জখম বোনকে প্রথমে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
তালা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহারুল ইসলাম বলেন, দায়ের কোপে ইরানি বেগমের চোখ, মুখ ও দাঁত ক্ষতবিক্ষত হয়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, রোববার দিনগত রাতে স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন তাঁর স্বামী। স্বামীর লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গতকাল বিকেল সোয়া চারটা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।