স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুয়াইর ইউনিয়নের রানা হিজল গ্রামে কুপিয়ে হত্যার এ ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহত নারীর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার ওই নারীর নাম হেলেনা আক্তার (৩০)। ওই ঘটনায় গ্রেপ্তার তাঁর স্বামীর নাম আবদুল জলিল (৩৫)।
স্থানীয় পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আট থেকে নয় বছর আগে উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের মানশ্রী গ্রামের সামছুল হকের মেয়ে হেলেনা আক্তারের সঙ্গে পাশের সুয়াইর ইউনিয়নের রানা হিজল গ্রামের সোনালী খাঁর ছেলে আবদুল জলিলের বিয়ে হয়। বর্তমানে তাঁদের তিন সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে স্ত্রী হেলেনার সঙ্গে আবদুল জলিলের পারিবারিক কলহ চলে আসছিল। সকালে বাড়ির উঠানে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জলিল ধারালো দা দিয়ে এলোপাতাড়ি স্ত্রী হেলেনার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপাতে থাকলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় জলিলকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারী জিন্নাৎ আলী প্রথম আলোকে বলেন, স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয়েছে। স্ত্রীর পরকীয়া প্রেমের কারণে ক্ষুব্ধ হয়ে তাঁকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন আবদুল জলিল। হেলেনার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।