স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা?
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাছপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম মিতু আক্তার (৩৫)। তাঁর স্বামীর নাম মোশাররফ হোসেন (৩৮)। মিতু বরিশালের চরমোনাই এলাকার কাসেম সরদারের মেয়ে। মোশাররফ জালকুড়ি মাছপাড়া এলাকার আহসান উল্লাহ্ সরদারের ছেলে।
মোশাররফ হোসেনের বড় ভাই নূর সালাম বলেন, ১৬ বছর আগে বরিশালের চরমোনাই এলাকার মিতু আক্তারকে বিয়ে করেন পরিবহনশ্রমিক মোশাররফ হোসেন। তাঁদের ঘরে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছেলে ও চতুর্থ শ্রেণি পড়ুয়া এক মেয়ে আছে। মোশাররফ দীর্ঘদিন ধরে ইয়াবা বড়ি সেবন করছিলেন। এ নিয়ে মিতুর সঙ্গে প্রায়ই তাঁর কলহ হতো। গতকাল ভোরে তাঁদের ছেলে ফজরের নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাড়িতে ফিরে সে বাবা মোশারফকে বঁটি শাণ দিতে দেখে। একপর্যায়ে ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরের মূল দরজা বন্ধ করে দেন মোশাররফ। এ সময় ঘরের একটি কক্ষে মিতু ও তাঁর মেয়ে ঘুমিয়ে ছিলেন। এরপর মোশাররফ মিতুকে দরজা খুলতে বলেন। মিতু দরজা না খুললে দরজা ভাঙার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে মিতু দরজা খুলে দিয়ে খাটের নিচে লুকিয়ে পড়েন। এরপর তাঁকে খাটের নিচ থেকে বের করে বঁটি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন মোশাররফ। এ সময় মেয়ের চিৎকারে বাড়ির পাশের লোকজন বের হয়ে আসেন। তবে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় মেয়েকে শৌচাগারের ঘুলঘুলি (ভেন্টিলেটর) দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেন মোশাররফ। পরে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।
নূর সালাম আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। এখন তাঁদের দুই সন্তান এতিম হয়ে গেল।
এ খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শরফুদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিমপাড়া খালপাড় এলাকায় গতকাল বিকেল চারটায় রেজিয়া বেগম (৬৫) নামের এক নারীকে তাঁর ছেলে নুরু মিয়া (৪২) কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নুরু মিয়াকে আটক করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, নুরু মিয়া মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগী। তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তাঁর মা বড় ছেলে ইসমাইলের বাসায় থাকতেন। গতকাল দুপুরে ছেলের খোঁজখবর নিতে নুরু মিয়ার বাসায় আসেন তিনি। এ সময় ছেলের বাঁধন খুলে দিয়ে তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যান তিনি। পরে বাসায় ফিরিয়ে আনার পর নুরু তাঁর মাকে কুপিয়ে হত্যা করেন।