স্ত্রীকে খুন করে ধরা দিলেন স্বামী!
সিলেটের বিয়ানীবাজারে স্ত্রীকে খুন করে এসে থানায় ধরা দিয়েছেন এক স্বামী। তাঁর নাম সিদ্দিক আহমদ। নিহত স্ত্রী হচ্ছেন আয়েশা আক্তার (২৪)। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে সিদ্দিক থানায় এসে স্ত্রীকে হত্যা করার বিষয়টি পুলিশকে জানান। তাঁকে থানায় আটক রেখে পুলিশ বিয়ানীবাজার পৌর শহরের শ্রীধরা এলাকায় তাঁর বাড়িতে যোগাযোগ করে হত্যার বিষয়ে নিশ্চিত হয়।
সিদ্দিককে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ বাড়ি থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আয়েশাকে বঁটি দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপের ক্ষত পাওয়া গেছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি জুবের আহমদ। সিদ্দিক শ্রীধরা বাজারের পাহারাদারের চাকরি করেন। দুই বিয়ে করেছেন। এর মধ্যে বড় স্ত্রীর ঘরে দুই সন্তান। তাঁরা আলাদা থাকেন। সিদ্দিক দ্বিতীয় স্ত্রী আয়েশাকে নিয়ে শ্রীধরায় একটি ভাড়া বাসায় থাকতেন। আয়েশার কোনো সন্তান নেই।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা গতকাল রাতে বলেন, সিদ্দিক জানিয়েছেন, দ্বিতীয় স্ত্রী তাঁর কথাবার্তা শোনেন না। এ কারণে খুন করেছেন। এটি সত্য বলেছেন, না খুনের পেছনে অন্য কোনো কারণ আছে, খতিয়ে দেখা হচ্ছে।