স্ত্রীকে খুন করে লাশ পুঁতে রাখলেন স্বামী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে বসতঘরের মাটি খুঁড়ে গত শুক্রবার রাতে কোহিনুর আক্তার (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কোহিনুরের স্বামী মিল্লাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কোহিনুর ও মিল্লাত দম্পতির গ্রামের বাড়ি ভোলার মনপুরায়। তাঁরা নোয়াখালী শহরের মাইজদী এলাকায় বসবাস করতেন। কিছুদিন আগে তাঁরা সুবর্ণচরের চরমজিদ এলাকায় জমি কিনে বসতঘর করে বসবাস শুরু করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, দাম্পত্য বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ হতো। দুই দিন ধরে ঘরের দরজা বন্ধ থাকায় এবং মিল্লাত ও কোহিনুরকে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। শুক্রবার সন্ধ্যার পর এক প্রতিবেশী মিল্লাতকে ফোন দিয়ে তাঁদের অবস্থান সম্পর্কে জানতে চান। তখন মিল্লাত ওই ব্যক্তিকে জানান, তিনি স্ত্রীকে হত্যা করে পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে পালিয়ে যাচ্ছেন। তখন ওই ব্যক্তি কৌশলে মিল্লাতকে ডেকে এনে আটক করে স্থানীয় চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মিল্লাতকে আটক করে। পরে মিল্লাতের স্বীকারোক্তির ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে বসতঘরের মাটি খুঁড়ে কোহিনুরের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কোহিনুর-মিল্লাত দম্পতির সন্তান তিনজন। তাদের মধ্যে একজন অন্যের বাড়িতে কাজ করে। অন্যজনও ঘটনার দিন বাড়িতে ছিল না। বাড়িতে ছিল পাঁচ বছর বয়সী কন্যাশিশু। দাম্পত্য কলহের জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে মিল্লাত প্রথমে স্ত্রী কোহিনুরের মাথায় আঘাত করেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখেন।
পুলিশ জানায়, গতকাল শনিবার কোহিনুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিল্লাত দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী কোহিনুরকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।