স্ত্রীকে খুনের পর স্বামীর আত্মহত্যা
সাতক্ষীরায় স্ত্রীকে খুন করে স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মালতী রানী সরকার (৪৫)। তাঁর স্বামীর নাম বিমল কুমার সরকার (৫০)। নিহত দম্পতির বড় ছেলে বিপুল সরকার খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। ছোট ছেলে বিদেশ সরকার চাম্পাফুল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। বিদেশ সরকার জানায়, তার মা ও বাবার মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
গতকাল ভোরে বাবা বিমল কুমার সরকার বল্লম দিয়ে মা মালতীকে হত্যার চেষ্টা করেন। বিদেশ বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে অন্য ঘরে পালিয়ে থাকা মাকে ধরে নিয়ে এসে বাবা মারধর করেন। পরে বল্লম দিয়ে মাথায় খুঁচিয়ে
হত্যা করেন। মাকে হত্যার পর বাবাও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। বিদেশের চিৎকারে প্রতিবেশীরা এসে তার বাবাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ওসি এমদাদ শেখ বলেন, এ ঘটনায় পুলিশ পৃথক সাধারণ ডায়েরি এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।