স্ত্রীকে গলা কেটে হত্যা, জখম শাশুড়ি-শ্যালিকা

মৌলভীবাজারের কুলাউড়ায় রফিক মিয়া (৩৫) নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী নাছিমা বেগমকে (২৮) গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দেওয়ায় তিনি শাশুড়ি সোনাজান বিবি (৫০) ও শ্যালিকা সোনিয়া আক্তারকে (১২) কুপিয়ে জখম করেছেন। গতকাল সোমবার রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় সোনিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ‘ব্রাহ্মণবাজার চিলড্রেন একাডেমি’ নামের স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণিতে পড়ে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে রফিককে গ্রেপ্তার করেছে।
পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকের বাড়ি একই ইউনিয়নের লুয়াইউনি চা-বাগান বস্তি এলাকায়। তিনি ওই বাগানে নৈশপ্রহরীর কাজ করেন। রফিক ২০০২ সালে পার্শ্ববর্তী আদমপুর গ্রামের তাহির আলীর মেয়ে নাছিমাকে বিয়ে করেন। তাঁদের চারজন ছেলে আছে। কিছুদিন ধরে রফিক ও নাছিমার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে নাছিমা সপ্তাহ খানেক আগে আদমপুরে বাবার বাড়িতে চলে আসেন। সোমবার রাত নয়টার দিকে রফিক ঘরের বেড়া কেটে শ্বশুরবাড়িতে ঢুকে ধারালো ছোরা দিয়ে ঘুমন্ত স্ত্রীর গলা কাটতে থাকেন। একপর্যায়ে শাশুড়ি ও শ্যালিকা জেগে উঠে বাধা দিলে রফিক তাঁদের ছোরা দিয়ে কোপান। এ সময় শাশুড়ি ও শ্যালিকার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে রফিক পালিয়ে যান। খবর পেয়ে রাত ১০টার দিকে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। ওই দিন দিবাগত রাত দুইটার দিকে ব্রাহ্মণবাজারে ‘বদনা বিল’ নামের একটি জলাশয়ে কচুরিপানার আড়ালে লুকিয়ে থাকা অবস্থায় রফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি পাওয়া যায়। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে আহত সোনাজান ও সোনিয়াকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে অবস্থার অবনতি ঘটায় রাতেই সোনিয়াকে সিলেটে স্থানান্তর করা হয়। আজ বেলা ১১টার দিকে নিহত নাছিমার বাবা বাদী হয়ে রফিককে আসামি করে মামলা করেন।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, সোনিয়ার তলপেটে ক্ষতস্থানে ব্যান্ডেজ করে তাকে দ্রুত সিলেটে পাঠানো হয়। আর সোনাজানের বাঁ পায়ে হাঁটুর নিচে কোপ লাগে। ক্ষতস্থানে সেলাই করে তাঁকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
সিলেট থেকে নিহত নাছিমার ভাই রিয়াজ আহমদ বলেন, তাঁর বোনটি জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষণ রায় আজ মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত নাছিমার গলায় ধারালো অস্ত্রের একাধিক কোপ দেখা গেছে। গলা কেটে তাঁকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে থানা হাজতে থাকা রফিক মিয়া বেলা সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদককে বলেন, ‘তাঁর (নাছিমা) চরিত্র খারাপ। এর লাগি শেষ করি দিছি। আর কিচ্ছু কইতাম পারতাম না।’