স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তুরাগ নদ থেকে গতকাল রোববার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর হাতে ওই গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অজ্ঞাতপরিচয় এক তরুণের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেলে, কালিয়াকৈর উপজেলার গাবতলী এলাকার জাকির হোসেন ও তাঁর স্ত্রী সেলিনা আক্তারের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। মাঝেমধ্যে তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। গতকাল সকালে বাড়ির পাশে তুরাগ নদে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। দুপুরে সেখান থেকে সেলিনার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জাকির হোসেন বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই আবদুস সামাদ খান বাদী হয়ে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগ করেন, পারিবারিক কলহের জের ধরে সেলিনাকে খুন করে জাকির লাশ নদীতে ফেলে দিয়েছে। পরে জাকির পালিয়ে গেছেন।

ফতুল্লার কাশীপুর এলাকার একটি সেতুর নিচ থেকে গতকাল রাত আটটার দিকে উদ্ধার করা তরুণের বস্তাবন্দী লাশ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকারী ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল বলেন, ওই তরুণের বয়স ১৭-১৮ হবে। পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। তাঁর হাত-পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে রেখেছে। নিহত তরুণের পরিচয় জানার চেষ্টা চলছে।