চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের কারণে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করে স্বামী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বৈলতলী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম শাহিন আক্তার। তাঁর স্বামী আবু তৈয়বকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার দুপুরে ঘরের দরজা বন্ধ করে স্ত্রী শাহিন আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন তৈয়ব। পরে তিনি ওই অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। যখন এ ঘটনা ঘটে, তখন ঘরে আর কেউ ছিল না। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে শাহিনের লাশ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় আবু তৈয়বকে উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় নিহত নারীর বাবা নুরুল আলম বাদী হয়ে আবু তৈয়বকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। অপরদিকে আত্মহত্যার চেষ্টার অভিযোগে পুলিশ বাদী হয়ে আবু তৈয়বের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে। তাঁর বিরুদ্ধে ১০ বছর আগে নগরের ডবলমুরিং থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ গতকাল রাত আটটায় চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে প্রথম আলোকে বলেন, আবু তৈয়বের অবস্থা আশঙ্কাজনক।