স্ত্রীকে ছ্যাঁকা দিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এক গৃহবধূকে গাজীপুরে হাত-পা বেঁধে পিটিয়ে ও খুন্তি গরম করে ছ্যাঁকা দিয়ে নির্যাতন করা হয়েছে। তাঁকে উদ্ধার করে গত শুক্রবার বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যৌতুকের দাবিতে স্বামী তাঁকে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে।
নির্যাতিতা গৃহবধূর নাম সেলিনা বেগম (২২)। তিনি বকশীগঞ্জের বাট্টাজোড় এলাকার পানাতিয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। রফিকুল গাজীপুরের টঙ্গীর বোর্ড বাজার এলাকায় পোশাক কারখানায় কাজ করেন। বর্তমানে তিনি আত্মগোপনে। সেলিনা বকশীগঞ্জের মাদারেরচর ঘুগরাকান্দির আবদুল খালেকের মেয়ে।
গৃহবধূর পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, দেড় বছর আগে সেলিনা বেগমের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর রফিকুল চার লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় সেলিনার ওপর শারীরিক নির্যাতন শুরু হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস-বৈঠক হয়। তিন মাস আগে বাধ্য হয়ে সেলিনার বাবা জমি বিক্রি করে দুই লাখ টাকা রফিকুলকে দেন। গত মাসে রফিকুল টঙ্গীর বোর্ড বাজার এলাকায় ভাড়া বাড়িতে সেলিনাকে নিয়ে যান। সেখানে আরও দুই লাখ টাকার জন্য শুরু করেন নির্যাতন।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে যৌতুকের টাকা নিয়ে সেলিনা ও রফিকুলের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সেলিনার মুখে কাপড় ঢুকিয়ে, তাঁর হাত-পা বেঁধে রড দিয়ে পেটান রফিকুল। পরে লোহার খুন্তি গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন। এর একপর্যায়ে সেলিনা সংজ্ঞা হারিয়ে ফেলেন। তাঁকে ঘরের ভেতর রেখে তালা দিয়ে রফিকুল চলে যান। বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেরে তালা ভেঙে সেলিনার গ্রামের বাড়িতে খবর দেন। পরিবারের লোকজন শুক্রবার সেখান থেকে তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাদের হোসেন গতকাল শনিবার বলেন, ‘সেলিনার শরীরের বিভিন্ন অংশে লোহা জাতীয় বস্তু গরম করে ছ্যাঁকা দেওয়ার ও আঘাতের চিহ্ন রয়েছে।’
সেলিনা বেগমের চাচা সুজাত আলী মেয়েটি একটু সুস্থ হয়ে উঠলে মামলা করা হবে।’
এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন বলেন, ‘ওই গৃহবধূকে খুব নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। ঘটনাস্থল গাজীপুর হওয়ার কারণে মামলা সেখানে করতে হবে। মামলার জন্য পরিবারটিকে সহায়তা করা হবে।’