স্ত্রীকে ট্রাকের নিচে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গত বুধবার রাতে ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, হত্যার উদ্দেশ্যে স্বামী তাঁকে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে দিয়েছেন। এ ঘটনায় পুলিশ স্বামীকে গ্রেপ্তার করে গত বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে।
নিহত নারী হলেন শাবানা বেগম (২৫)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আখিরা ফতেপুর গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী। তাঁদের সংসারে শামীম হোসেন নামে পাঁচ বছরের একটি ছেলে রয়েছে।
নিহতের পরিবার ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমান ও শাবানা বেগম শ্রীপুরের মাওনা মধ্যপাড়া এলাকায় আবুল হোসেনের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। বুধবার রাত ১০টার দিকে সিদ্দিকুর রহমানের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক শাবানাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেখানে নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় আচরণ সন্দেহজনক হওয়ায় সিদ্দিকুরকে পুলিশ গ্রেপ্তার করে।
শাবানার চাচা সুলতান মাহমুদ গতকাল শুক্রবার বলেন, ১২ বছর আগে পারিবারিকভাবে সিদ্দিক ও শাবানার বিয়ে হয়। তাঁরা সাত বছর ধরে শ্রীপুরে থেকে পোশাক কারখানায় চাকরি করছিলেন। এর মধ্যে অপর এক নারী শ্রমিকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সিদ্দিক। এ কারণে সিদ্দিক ও শাবানার মধ্যে কলহ শুরু হয়। এতে তাঁদের সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়। একপর্যায়ে শাবানাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেন সিদ্দিক। দুই মাস আগে উভয় পক্ষের উপস্থিতিতে শাবানার বাড়িতে সালিস বসে। সেখানে সিদ্দিক আগের ঘটনার জন্য ক্ষমা চেয়ে ছেলেকে নানার বাড়িতে রেখে শাবানাকে নিয়ে আবার শ্রীপুর আসেন। তাঁরা দুজনেই কারখানায় চাকরি নেন। ১৫ দিন আগে শাবানা তাঁর মাকে মুঠোফোনে আবারও কলহের কথা জানান। একপর্যায়ে শাবানাকে মেরে ফেলার হুমকি দেন সিদ্দিক। গত বুধবার রাতে অপরিচিত একটি মুঠোফোন নম্বর থেকে সিদ্দিক ও শাবানার মৃত্যু হয়েছে বলে শাবানার পরিবারকে জানানো হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর শাবানাকে উদ্ধারের সময় তাঁর স্বামীর সহযোগিতা পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর কথাবার্তা সন্দেহজনক মনে হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিদ্দিক পরিকল্পিতভাবে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে শাবানাকে হত্যা করেছেন। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে।