স্ত্রীকে দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগে স্বামী আটক
রাজধানীর পশ্চিম কাফরুল এলাকায় স্ত্রীর শরীরে দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগে তাঁর স্বামী পারভেজ মিয়াকে পুলিশ আটক করেছে। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই নারীর ভাই পাপ্পু মিয়া প্রথম আলোকে বলেন, কাফরুল এলাকায় তাঁর বোন সেলাইয়ের কাজ করেন। কিন্তু পারভেজের কোনো চাকরি নেই। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ ভোরেও একই ঘটনা ঘটে। একপর্যায়ে পারভেজ স্ত্রীর শরীরের স্পর্শকাতর জায়গায় দাহ্য পদার্থ নিক্ষেপ করেন। স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা গিয়ে পারভেজকে ধরে পুলিশে সোপর্দ করেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ওই নারীকে হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস পারভেজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।