স্ত্রীকে নির্যাতন, এএসআই প্রত্যাহার
বগুড়ার নন্দীগ্রাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলন মিয়াকে গত শুক্রবার প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। মিলনের বিরুদ্ধে নির্যাতন, হত্যাচেষ্টা ও প্রতারণার অভিযোগে পুলিশ সুপারে কাছে লিখিত অভিযোগ দেন তাঁর স্ত্রী মাহমুদা আকতার।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, ‘স্ত্রীকে নির্যাতনের অভিযোগ তদন্তে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। এ জন্য প্রাথমিকভাবে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।’
মাহমুদা আকতারের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, কুড়িগ্রামের রাজারহাটের সোনাবর গ্রামের মিলন চন্দ্র নিজের ধর্ম-পরিচয় গোপন করে ২০০৯ সালে বগুড়ার সোনাতলা থানায় কর্মরত থাকাকালে মাহমুদার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তাঁকে সারিয়াকান্দি থানায় বদলি করা হয়। ২০১১ সালের ১৩ জুন ধর্মান্তরিত হয়ে মাহমুদাকে বিয়ে করেন মিলন।
মাহমুদা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর ওপর শারীরিক-মানসিক নির্যাতন করেন মিলন। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেন।
মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মাহমুদা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে’।