বরগুনার আমতলী উপজেলায় ঠুনকো অভিযোগে এক গৃহবধূকে নির্যাতনের পর মাথার চুল কেটে দিয়েছেন তাঁর স্বামী। অপর এক গৃহবধূকে একইভাবে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন তাঁর শ্বশুর।
মাহমুদা বেগম (৩২) ও ফারজানা আক্তার (২৭) নামে নির্যাতনে শিকার ওই দুই গৃহবধূ বর্তমানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গত মঙ্গল ও বুধবার উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা ও চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে এসব ঘটনা ঘটে।
মাহমুদার পরিবার সূত্র জানায়, উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের আবদুল হক তালুকদারের সঙ্গে মাহমুদা বেগমের বিয়ে হয় ২০০০ সালের প্রথম দিকে। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে মারধর করে আসছেন তাঁর স্বামী আবদুল হক। গত মঙ্গলবার সকালে স্ত্রী মাহমুদার বিরুদ্ধে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে কথা বলার অভিযোগ তুলে মারধর শুরু করেন আবদুল হক। একপর্যায়ে ওড়না দিয়ে হাত ও পা বেঁধে তাঁকে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে লাঠি দিয়ে বেদম পেটান। এরপর কাঁচি দিয়ে মাহমুদার মাথার সামনের চুল কেটে দেন আবদুল হক। মাহমুদার ডাক-চিৎকারে লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
গতকাল শুক্রবার আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, মাহমুদার শরীরের বিভিন্ন অংশ ফুলে আছে। তিনি ব্যথায় কাতরাচ্ছেন।
এ সময় আহত মাহমুদা বলেন, ‘মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে প্রতিবেশী হাবিব আকনের সঙ্গে কথা বলেছি, এমন মিথ্যা অভিযোগ তুলে আমার স্বামী মারধর শুরু করেন। একপর্যায়ে ওড়না দিয়ে হাত ও পা বেঁধে আড়ার সঙ্গে টানিয়ে লাঠি দিয়ে পেটাতে থাকেন। পরে কাঁচি দিয়ে মাথার সামনের চুল কেটে দেন।’ তিনি কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, ‘আর পারছি না। তিনটি সন্তানের মা হয়েও মিথ্যা অভিযোগ তুলে স্বামী আমাকে দীর্ঘদিন ধরে এভাবে নির্যাতন করে আসছে।’
আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাহমুদা বেগমের ডান পায়ের হাঁটু, বাঁ হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে মাহমুদার স্বামী আবদুল হক তালুকদারের মুঠোফোনে ফোন করলে, জয়নাল হাওলাদার নামে এক ব্যক্তি ফোন ধরেন। তিনি আবদুল হকের ভাগনে পরিচয় দেন। নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘আমি ঘটনা শুনে ওই দিন আবদুল হকের বাড়িতে গিয়েছিলাম। মারধর করেছে এটা সত্য, কিন্তু চুল কাটার ঘটনা সত্য নয়।’
অন্যদিকে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের বেলাল মিয়ার স্ত্রী ফারজানা আক্তার গত বুধবার দুপুরে ননদ লাইজুকে তাঁর ছোট বাচ্চাকে কোলে নিতে বললে ননদ অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। শ্বশুর কামাল পাশা বাড়িতে আসার পরে ননদ লাইজু এ ঘটনা তার বাবাকে জানালে কামাল পাশা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে ছেলের বউ ফারজানাকে বেধড়ক পেটাতে থাকেন। একপর্যায়ে পিটিয়ে ফারজানার বাঁ পা ভেঙে দেন। খবর পেয়ে ফারজানার মা জাহানারা বেগম মেয়েকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ফারজানার বাঁ পায়ের গোড়ালির ওপরের অংশের হাড় ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।