রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এফ ব্লক গ্রামে পুলিশ সদস্যের বিরুদ্ধে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার পুলিশ সদস্যের স্ত্রী মর্জিনা আক্তার (২৪) সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
মর্জিনা আক্তার বলেন, ২০১২ সালে একই উপজেলার এফ ব্লক গ্রামের বাসিন্দা আর্মড পুলিশের সদস্য মো. মাসুমের সঙ্গে তাঁর (মর্জিনা) বিয়ে হয়। তাঁর বাবার বাড়ি মুসলিম ব্লক গ্রামে। বিয়ের পর থেকে মাসুম যৌতুকের জন্য তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। তাঁদের দুই বছরের ছেলেসন্তান রয়েছে। মাসুম খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।
মর্জিনা বলেন, ‘মহালছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন এলাকায় ভাড়া বাড়িতে থাকতাম। গত মে মাসে মাসুম আড়াই লাখ টাকা যৌতুকের জন্য আমাকে চাপ দিতে থাকেন। আমার বাবা নেই। বিধবা মা এত টাকা দিতে পারবেন না বলা হলে শুরু হয় নির্যাতন। প্রতিদিন গভীর রাতে কিল-ঘুষি, বেত দিয়ে আঘাত করতেন এবং গলা টিপে ধরতেন। প্রায় সময় আমাকে মেরে ফেলার হুমকি দিতেন মাসুম। এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়কের কাছে যেতে চাইলে আমাকে বাধা দেওয়া হয়। অনেক ভেবেচিন্তে জীবন বাঁচাতে ২৪ মে তাঁকে না জানিয়ে মায়ের কাছে চলে আসি। এরপর থেকে আমি ও আমার আত্মীয়স্বজনকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। আমাকে নির্যাতনের বিষয়টি সেখানে অনেক পুলিশ সদস্য জানেন।’
মর্জিনা আক্তার আরও বলেন, ‘এত দিন লজ্জা ও ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। এখন দেখতেছি, কাউকে না জানালে যেকোনো সময় আমাকে মেরে ফেলা হতে পারে। আমাকে নির্যাতনের সময় যৌতুক না দিলে আরেকটি বিয়ে করবেন বলে হুমকি দেন। এখন শুনতেছি, একজন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। আমার ছেলেকে কীভাবে মানুষ করব বুঝতে পারছি না।’
মর্জিনার দুলাভাই মো. ফারুক বলেন, বিয়ের পর প্রায় সময় মর্জিনাকে নির্যাতন করতেন মাসুম। গত বছর যৌতুক চাইবেন না এবং মর্জিনাকে নির্যাতন করবেন না বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিসের মাধ্যমে অঙ্গীকার নেওয়া হয়। কিন্তু তারপরও যৌতুক চেয়ে প্রায় সময় নির্যাতন করতেন। এর আগে মাসুম নির্যাতন করার পর মর্জিনাকে বেশ কয়েকবার চিকিৎসা নিতে হাসপাতালে যেতে হয়েছে।
জানতে চাইলে কনস্টেবল মো. মাসুম বলেন, ‘আমি কোনো যৌতুক দাবি করিনি। পারিবারিক কলহে আমার স্ত্রীকে নির্যাতন করি। অতীতে যা হওয়ার হয়ে গেছে। এখন থেকে আর স্ত্রীকে নির্যাতন করব না। তাঁর (স্ত্রী) কারণে যদি আমার চাকরি চলে যায়, তাহলে আমি কী আর তাঁর সঙ্গে সংসার করব?’
মহালছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. জামশের আলী মুঠোফোনে বলেন, যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ এখনো কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।