স্ত্রীকে নির্যাতনের অভিযোগে কলেজশিক্ষক আটক
চাঁদপুরে আইনজীবী ও এক সন্তানের জননী কুলসুমা বেগমকে (৪০) নির্যাতনের অভিযোগে স্বামী মুসলিম সরদার মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার ভোরে স্থানীয় লোকজন মিশুকে আটক করে পুলিশে দেয়। মিশু লালমনিরহাটের পাটগ্রাম সরকারি জসিম উদ্দিন কাজী আবদুল গণি কলেজের সহকারী অধ্যাপক। এ ঘটনায় নির্যাতনের শিকার কুলসুমার পক্ষ থেকে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন কুলসুমা গতকাল রোববার বলেন, ‘মিশু লালমনিরহাট থেকে বদলি হয়ে আবার চাঁদপুর আসার জন্য আমার কাছে ৫ লাখ টাকা দাবি করে। কিন্তু আমি তা দিতে অপারগতা প্রকাশ করি। শুক্রবার বিকেলে আমাকে ফোন করে বলে, “আমি লালমনিরহাটে যাচ্ছি। যাওয়ার আগে মেয়েকে একটু দেখতে চাই।” তখন আমি তাকে শহরের বিটি রোডের ভাড়া বাসায় আসতে বলি। পরে সন্ধ্যার দিকে মিশু তাঁর ভাই আবদুল হকসহ আমার বাসায় আসে। ঘরে ঢুকেই আমাকে মারধর শুরু করে সে। একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।’ পরে অচেতন অবস্থায় সেখান থেকে মিশু ও তাঁর পরিবারের কয়েকজন মিলে কুলসুমাকে গাড়িতে তুলে মতলব দক্ষিণ উপজেলার বারঠালিয়া গ্রামের বাড়িতে নিয়ে যান। সেখানে আবারো নির্যাতন চালানো হয় কুলসুমার ওপর। পরে ওই গ্রামের বাড়ি থেকে কুলসুমার আত্মীয়স্বজন কুলসুমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কুলসুমার বড় ভাই হানিফ খন্দকার বলেন, মিশুর সঙ্গে ৮ বছর আগে কুলসুমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন মিশু। পরে তাঁকে ৫ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু এরপরও বিভিন্ন সময় টাকা দাবি করতে থাকেন। না পেয়ে কুলসুমার ওপর নির্যাতন চালিয়ে যেতে থাকেন। এ ঘটনার পর এক বছরের মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান কুলসুমা। এর মধ্যেই গত ফেব্রুয়ারি মাসে চাঁদপুর সরকারি কলেজে কর্তব্যরত অবস্থায় তিন ছাত্রীকে নেশাযুক্ত দ্রব্য খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ ওঠে মিশুর বিরুদ্ধে। নির্যাতিত ছাত্রীদের অভিযোগের পর তাঁকে শাস্তিমূলকভাবে লালমনিরহাটের পাটগ্রামে বদলি করা হয়।
নির্যাতিত কুলসুমা ও তাঁর নিকটাত্মীয় চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির জানান, মিশু কুলসুমাকে গ্রামের বাড়িতে নিয়ে ভাতিজা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে আরও প্রায় এক ঘণ্টার মতো মারধর করেন। রুটি বেলার বেলুন, পরনের বেল্ট দিয়ে পেটান। এদিকে কুলসুমার শহরের বাসার প্রতিবেশীরা মুঠোফোনে কুলসুমার পরিবারের লোকজনকে এ ঘটনা জানান। এ খবর পেয়ে ভাই আরিফসহ কয়েকজন গিয়ে কুলসুমাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্লা বলেন, কুলসুমা নারী ও শিশু নির্যাতন আইনে মিশুসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। স্থানীয় লোকজনের মাধ্যমে চাঁদপুর শহরের তালতলা এলাকা থেকে আটক মিশুকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।