স্ত্রীকে পাচারের দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে ভারতে পাচারের দায়ে স্বামী মেছের আলী ওরফে সিদ্দিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিঞা মোহাম্মদ আলি আকবার আজিজী গতকাল বুধবার এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর গ্রামের মেছের আলীর সঙ্গে ১৯৯৯ সালের ২২ জুন লালমনিরহাটের হাতীবান্ধার দোয়ানী গ্রামের ওই মেয়ের (২৪) বিয়ে হয়। বিয়ের নয় মাস পর অনন্তপুর সীমান্ত দিয়ে স্ত্রীকে ভারতে নিয়ে যান মেছের আলী। এরপর ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নিষিদ্ধ এক পল্লিতে এক ব্যক্তির (দালাল) কাছে স্ত্রীকে বিক্রি করেন মেছের আলী। সেখানে তাঁকে অবৈধ (যৌন) কাজে বাধ্য করার চেষ্টা করা হয়। এতে ওই নারী রাজি না হলে তাঁকে ওই ব্যক্তি কিনে নেওয়ার কথা জানান। সেখানে সাড়ে তিন বছর থাকার পর ২০০৪ সালের জুন মাসে ওই নারী বাবার বাড়িতে ফিরে আসেন। খবর পেয়ে মেছের ২০০৪ সালের ১৩ জুলাই ও একই বছরের ২৮ ডিসেম্বর দুবার ওই নারীর বাবার বাড়িতে এসে তাঁকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির হস্তক্ষেপে ওই নারী লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ জজ আদালতে একটি অভিযোগ দাখিল করেন। পরে আদালতের নির্দেশে হাতীবান্ধা থানা লিখিত অভিযোগটিকে ২০০৫ সালের ৬ এপ্রিল মামলা আকারে নেয়।
২০০৫ সালের ১৬ মে মেছের আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন হাতীবান্ধা থানার এসআই আবদুল খালেক। ২০১৪ সালের ১২ আগস্ট আদালত আসামি মেছের আলীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। এ বছরের (২০১৬) ২৩ ফেব্রুয়ারি আদালত মামলার বাদী ও ঘটনার শিকার ওই নারীর সাক্ষ্য নেন। এরপর একই সালের ১১ এপ্রিল সাক্ষীদের ও ৯ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই খালেকের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পরে গতকাল দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ মিঞা মোহাম্মদ আলি আকবার আজিজী মামলার একমাত্র আসামি মেছের আলীকে ওই শাস্তি দেন।
রাষ্ট্রপক্ষের প্রতিনিধি লালমনিরহাটের পাবলিক প্রসিকিউটর আকমল হোসেন আহমেদ বলেন, মামলার রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না, তিনি দীর্ঘদিন থেকে পলাতক রয়েছেন। গ্রেপ্তারের দিন থেকে তাঁর সাজা শুরু হবে।