স্ত্রীকে পিটিয়ে ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ
যশোর সদর উপজেলায় রহিমা বেগম (২৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তরপ নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার স্থানীয় লোকজন রহিমার স্বামী মনিরুল ইসলামকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। একই দিন নিহত রহিমার ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মনিরুলের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
ওই দম্পতির পরিবার সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে যশোর সদর উপজেলার নাটুয়াপাড়া গ্রামের নূরুল হকের মেয়ে রহিমার সঙ্গে তরপ নওয়াপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মনিরুল ইসলামের বিয়ে হয়। তাঁদের ঘরে আট বছরের একটি ছেলেসন্তান রয়েছে।
পুলিশ ও রহিমার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিষ খেয়ে অসুস্থ হওয়া রোগী হিসেবে রহিমাকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। আজ বুধবার সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্ত করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, রহিমার দুই হাতের বাহু ও পিঠের অসংখ্য জায়গায় রক্ত জমাটের দাগ রয়েছে। মাথার পেছনে ফোলা রয়েছে।
রহিমার ভাই সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পিটিয়ে হত্যার পর মুখে বিষ দিয়ে মনিরুল ও তাঁর বাড়ির লোকজন আমার বোনকে হত্যা করেছেন। যৌতুকের দাবিতে মনিরুল প্রায় তাঁকে মারধর করতেন। ইতিমধ্যে তাঁকে ব্যাটারিচালিত একটি ইজিবাইকও কিনে দেওয়া হয়েছে। আবার টাকার দাবিতে গত রোববার থেকে তিনি মারধর শুরু করেন। দুই দিন পর মঙ্গলবার পিটিয়ে মুখে বিষ ঢেলে দিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।’
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. হিমেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ওই গৃহবধূর স্বামী মনিরুলকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।’