স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
হত্যার শিকার নারীর নাম কবিতা গুপ্ত দাস (২৫)। তিনি নড়াইল সদর এলাকার বেলাহাটি গ্রামের নির্মল গুপ্ত দাসের মেয়ে। কবিতার স্বামীর নাম বাপ্পি দাস (৩৫)।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বাপ্পি দাস ও কবিতা গুপ্ত দাস প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করেন। তাঁদের তুলি দাস (৮) ও তজু দাস (আড়াই বছর) নামের দুইটি সন্তান রয়েছে। তাঁরা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। বাপ্পি রাজমিস্ত্রির কাজ করতেন আর কবিতা হিজলহাটি এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করছিলেন। বেশ কিছু দিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। তারই জের ধরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফের তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা ও ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে বাপ্পি কাঠের টুকরো দিয়ে কবিতার মাথায় সজোরে আঘাত করেন। কবিতা চিৎকার করে মাটিতে লুটে পড়েন। চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বাড়ইপাড়া এলাকায় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী বাপ্পি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশ সোপর্দ করে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ আলম জানান, পুলিশ বিকেল সাড়ে তিনটার দিকে কবিতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্ত্রী হত্যার অভিযোগ তাঁর স্বামীকে আটক করা হয়েছে।