স্ত্রীকে পিটিয়ে হত্যা স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আবদুল আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চররুহিতা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ স্ত্রী শিল্পী বেগমকে হত্যার কথা স্বীকার করেছেন।
নিহত শিল্পীর বাবা আবুল কালাম জানান, তিন বছর আগে তাঁর মেয়েকে সদর উপজেলার চররুহিতা গ্রামের আবদুল আজিজের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকে আজিজসহ শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য শিল্পীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। গত বুধবার বিকেলে যৌতুকের জন্য তাঁকে হত্যা করা হয়।
আবুল কালাম বলেন, ‘শিল্পী অসুস্থ হয়ে মারা গেছে—শ্বশুরবাড়ি থেকে এ কথা জানানো হয়। গতকাল দুপুরে তাঁর লাশ নিয়ে আমাদের (চররুহিতা গ্রাম) বাড়িতে আসে। লাশ দাফনের প্রস্তুতি নেওয়ার সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।’
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, শিল্পী বেগমকে পিটিয়ে হত্যার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী আবদুল আজিজকে গ্রেপ্তারের পর তিনি হত্যার দায় স্বীকার করেছেন।