স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজশাহীর বাগমারায় শাকিলা খাতুন (৩২) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে ও গলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার গণিপুর হাসনিপুর গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী।
নাম প্রকাশে অনিচ্ছুক তিন-চারজন প্রতিবেশী ও বাগমারা থানার সূত্র জানায়, গত শনিবার গভীর রাতে দাম্পত্যকলহের একপর্যায়ে জিয়ারুল স্ত্রীকে লাঠিপেটা করে। এর কিছুক্ষণ পর সব নীরব হয়ে যায়। গতকাল সকালে ঘরের দরজা খোলা দেখে ঢুকে শাকিলার লাশ পরে থাকতে দেখেন প্রতিবেশীরা। তখন থেকেই জিয়ারুল পলাতক।
নিহত গৃহবধূর মা একই উপজেলার হায়াতপুর গ্রামের বাসিন্দা সখিনা বেগম অভিযোগ করেন, কয়েক বছর আগে তাঁর মেয়ের সঙ্গে জিয়ারুলের বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকসহ বিভিন্ন কারণে তাঁর মেয়েকে নির্যাতন করতেন জিয়ারুল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার সালিসও হয়। জিয়ারুলই তাঁর মেয়েকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করেছে বলে দাবি করেন সখিনা বেগম।