স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় কামারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) অসুরখাই গ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে গৃহবধূকে হাসপাতালে ফেলে পালিয়ে যান স্বামী।
নিহত গৃহবধূর নাম হাসনা বেগম (৩৫)। তাঁর স্বামীর নাম রাশেদুল ইসলাম। তিনি অসুরখাই গ্রামের বাসিন্দা। হাসনার বাবার নাম আবদুস সোবহান। তাঁর বাড়ি পাশের কুজিপুকুর গ্রামে।
স্থানীয় কয়েকজন বলেন, পারিবারিক কলহের জের ধরে রোববার রাতে হাসনা বেগমকে মারধর করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান রাশেদুল ইসলাম। সেখানে জরুরি ভিত্তিতে হাসনাকে ভর্তি করা হয়। এর আগেই তিনি মারা যান। অবস্থা বেগতিক দেখে লাশ ফেলে পালিয়ে যান রাশেদুল।
হাসনা বেগমের বাবা আবদুস সোবহান গতকাল সোমবার বলেন, দেড় বছর আগে হাসনার বিয়ে হয়। যৌতুকসহ নানা কারণে রাশেদুল প্রায়ই হাসনাকে মারধর করতেন। কলহের জের ধরে রোববার রাতে হাসনাকে পেটানো শুরু করেন রাশেদুল। মারা গেলে হাসনাকে হাসপাতালে নেওয়া হয়।