স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার
ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর বিরুদ্ধে তাপসী বেগম (২৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গৃহবধূর স্বামী লিটন ফকিরকে (৩৮) গ্রেপ্তার করেছে।
পুলিশ লিটনের বাড়ি থেকে গতকাল বুধবার সকালে তাপসীর লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তাপসী পাশের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ গ্রামের মৃত রফিক শেখের মেয়ে। ১৩ বছর আগে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের সুকদেবনগর গ্রামের লাল মিয়ার ছেলে লিটন ফকিরের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাপসীর ১০ বছর বয়সী এক মেয়ে ও ছয় বছরের এক ছেলে রয়েছে।
তাপসীর ভাই মঞ্জু শেখ বলেন, লিটন সামান্য ঘটনায় মাঝেমধ্যে তাঁর বোনকে মারধর করতেন। মঞ্জু শেখ দাবি করেন, মঙ্গলবার রাতে তাঁর বোনকে লাঠি দিয়ে বেদম মারপিট করায় তাপসীর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, লিটন তাঁর অটো ভ্যান বিক্রি করে ফেললে স্ত্রী তাপসী প্রতিবাদ করেন। তখন লিটন তাপসীকে লাঠি দিয়ে বেদম মারপিট করেন। রাতে মারপিটের কারণে সকালে মুমূর্ষু অবস্থায় তাপসীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বেলা ১১টার দিকে পুলিশ লিটনের বাড়ি থেকে তাপসীর মৃতদেহ উদ্ধার করে।
লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) বোরহান দরজি বলেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে এটাকে হত্যা বলে ধারণা করা হচ্ছে।