স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ
নওগাঁ জেলা সদরে যৌতুকের জন্য নাসিমা আকতার (২৩) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁর শরীরের ৮০ শতাংশ আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
অভিযোগ উঠেছে, ব্যবসায়ের জন্য ১০ লাখ টাকা যৌতুক চেয়ে না পেয়ে স্বামী রুবেল তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
নাসিমার বাবা আবদুল গাফফারের ভাষ্য, তাঁদের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার গাদোঘাট গ্রামে। ১০ বছর আগে সপ্তম শ্রেণিতে পড়ার সময় একই উপজেলার কুণ্ডুগ্রামের রুবেল হোসেনের (৩০) সঙ্গে নাসিমার বিয়ে হয়। সে সময় রুবেল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। পরে শিক্ষকতা ছেড়ে তিনি মসজিদের ইমামতি শুরু করেন। চার-পাঁচ মাস আগে সব ছেড়ে নওগাঁ জেলা সদরে প্লাস্টিক সামগ্রীর দোকান করার সিদ্ধান্ত নেন রুবেল। এ জন্য তাঁকে দুই লাখ টাকা দেন তিনি। কিন্তু পরে আরও ১০ লাখ টাকা চাইলেও মেয়ে তাঁকে জানাননি। এই ক্ষোভেই রুবেল তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
আবদুল গাফফার বলেন, স্ত্রী ও ছয় বছর বয়সী একটি মেয়েকে নিয়ে রুবেল নওগাঁতেই ভাড়া বাসায় থাকতেন। গতকাল শনিবার রাত একটার দিকে নাসিমাদের বাড়ির মালিক তাঁকে ফোনে জানান, নাসিমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁরা সকালে হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে মেয়েকে পান। এ সময় নাসিমা তাঁদের ১০ লাখ টাকা এবং আগুন দিয়ে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টার কথা জানান। ঘরের ভেতরে আগুন বুঝতে পেরে স্থানীয় লোকজনকে নিয়ে বাড়িওয়ালা ধাক্কাধাক্কি করলে রুবেল দরজা খুলে দেন। নাসিমাকে উদ্ধার করে তাঁরা প্রথমে নওগাঁ হাসপাতালে এবং পরে সেখান থেকে রাতেই রাজশাহী মেডিকেলে নিয়ে যান।
এ ব্যাপারে তাঁরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রিজভী বলেছেন, নাসিমার শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। এ ব্যাপারে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও নাসিমার স্বামী রুবেলের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।