স্ত্রীকে পেটানোর অভিযোগে কনস্টেবলকে থানায় সোপর্দ
স্ত্রীকে পেটানোর অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে থানায় সোপর্দ করেছেন পথচারীরা। ওই কনস্টেবল সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে তাঁর স্ত্রীকে ফুটপাত দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিলেন।
ওই পুলিশ সদস্যের নাম রুহুল আমিন। ট্যুরিস্ট পুলিশে যোগ দেওয়ার জন্য তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন বলে জানিয়েছে কলাবাগান থানা-পুলিশ।
স্ত্রীকে ওই কনস্টেবলের পেটানোর একটি ভিডিও ও কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, রুহুল আমিন তাঁর স্ত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। আর স্ত্রী চিৎকার করছেন। তিনি পায়ে আঘাতের চিহ্ন দেখাচ্ছেন ও বাঁচানোর আকুতি জানান।
বেনজির আহমেদ রায়হান নামের এক পথচারী বলেন, অফিস শেষ করে বিকেল পাঁচটার দিকে রিকশায় করে তিনি বাসায় যাচ্ছিলেন। সেন্ট্রাল হাসপাতালের সামনে ঘটনাটি দেখেন। ততক্ষণে তাঁর রিকশা কিছুদূর এগিয়ে যায়। তিনি রিকশাটি ঘুরিয়ে আবার আসেন। ওই লোককে থামতে বলেন।
বেনজির বলেন, কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই নারী তাঁর পা জড়িয়ে ধরে তাঁকে বাঁচাতে বলেন। ততক্ষণে আরও কয়েকজন লোক এগিয়ে আসেন। ইন্টারনেট ঘেঁটে তিনি কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দিলে ১৫-২০ মিনিট পর থানা থেকে কয়েকজন পুলিশ এসে দুজনকে থানায় নিয়ে যায়।
নির্যাতিত নারীর বড় ভাই আনোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঈদের আগের দিন শ্বশুর-শাশুড়ি এবং জামাই মিলে তাঁর বোনকে বেধড়ক মারধর করেন। নরসিংদীর বেলাব থানা থেকে পুলিশ নিয়ে গেলেও কোনো কাজ হয়নি।
আনোয়ার জানান, সাত বোনের মধ্যে তাঁর এই বোনটি সবার ছোট।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর প্রথম আলোকে বলেন, রুহুল দাবি করেছেন তিনি স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে এসেছিলেন। তখন তাঁর স্ত্রী চিৎকার–চেঁচামেচি করলে লোকজন তাঁদের আটক করে পুলিশে খবর দেন। তবে মেয়েটির শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। তাঁদের পারিবারিক অনেক সমস্যা রয়েছে বলেও জানা গেছে। তিনি জানান, ঘটনাস্থল এখানে নয় বলে দুজনকেই বেলাব থানায় হস্তান্তর করা হবে।