স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে মিনা বেগম (৩৪) নামের এক নারীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বেমরতা বাজার এলাকায় মিনার স্বামী কাওসার শেখের বাড়ি থেকে পুলিশ মিনা বেগমের লাশ উদ্ধার করেছে।
কাওসার শেখ (৪০) পুলিশের একজন সদস্য। তিনি গোপালগঞ্জ পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত। ঘটনার পর কাওসার আত্মগোপন করেছেন। কাওসার-মিনা দম্পতির দুটি সন্তান রয়েছে।
নিহত মিনা বেগমের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে পরিকল্পিতভাবে মিনাকে হত্যা করা হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, কাওসার নামের পুলিশের এক সদস্য বালিশচাপা দিয়ে স্ত্রীকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত মিনার ভাই একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাগেরহাটের সহকারী পুলিশ সুপার জিয়াউল আলম জানান, পুলিশ কনস্টেবল কাওসারের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ শোনা যাচ্ছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।