স্ত্রীকে ভারতে পাচারের অভিযোগে স্বামী গ্রেপ্তার
তরুণীকে ভারতে পাচারকারীদের হাতে তুলে দেওয়ার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর কদমতলী এলাকায় বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ওরফে রনিকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।
ভারতে যৌন নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা ওই তরুণী ১০ জুন হাতিরঝিল থানায় মামলা করেছিলেন। পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. হাফিজ আল ফারুক প্রথম আলোকে বলেন, তরুণীকে পাচারের সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মানব পাচার ও বিদেশে যৌনকর্মে বাধ্য করার অভিযোগে ওই তরুণী মামলায় তাঁর স্বামীসহ পাচারকারী চক্রের কয়েকজনের নাম উল্লেখ করেন। ওই তরুণীর বাসা রাজধানীর শনির আখড়ায়। ভালো বেতনে চাকরির কথা বলে তাঁর স্বামী এ বছরের ৬ জানুয়ারি তাঁকে পাচারকারী চক্রের হাতে তুলে দেন বলে অভিযোগ। এরপর সীমান্ত পার করে তাঁকে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে চার মাস আটকে রেখে তাঁর ওপর যৌন নির্যাতন করা হয়। ভারতে বেশি বেতনের কথা বলে যে নারীর হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছিল, তিনি হাতিরঝিল এলাকার বাসিন্দা। গত ৩ মে ওই তরুণী পালিয়ে দেশে আসেন।
মে মাসের শেষ দিকে ভারতে এক বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে ওই তরুণীকে ঢাকার মগবাজারের টিকটক হৃদয় নামে পরিচিত রিফাদুল ইসলাম হৃদয় (২৬) নির্যাতন করছেন এমন দেখা যায়। গত ২৭ মে টিকটক হৃদয়সহ ছয়জনকে ভারতের বেঙ্গালুরু পুলিশ গ্রেপ্তার করে।
এরপর এই চক্রের মাধ্যমে ভারতে পাচার হয়ে গত ৭ মে দেশে পালিয়ে আসা আরেক তরুণী ১ জুন রাতে হাতিরঝিল থানায় টিকটক হৃদয়সহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনির আখড়ার তরুণীকে পাচারের সঙ্গে টিকটক হৃদয়ের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা হাফিজ আল ফারুক জানিয়েছেন।