স্ত্রীকে মাদক ব্যবসায় জড়ানোর চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর বেবি আখতার জানতে পারেন, তাঁর স্বামী এমরান হোসেন (২৫) মাদক ব্যবসায়ী। স্বামীকে বিভিন্ন পরামর্শ দিয়ে মাদক ব্যবসা থেকে ফেরানোর চেষ্টা করেন বেবি। উল্টো এমরানের বিরাগভাজন হন তিনি। তাঁকে শারীরিক-মানসিকভাবে নির্যাতন করতে থাকেন এমরান।

শেষমেশ এমরানকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন বেবি। এমরান ঘটনাটি জানতে পেরে স্ত্রীকে ফাঁদে ফেলে মাদকের সঙ্গে জড়ানোর ফন্দি আটেন। কিন্তু এমরানের সেই কৌশল পুলিশের কাছে ধরা পড়ে। এই দম্পতির বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার কাশমিলা গ্রামে।

বেবির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, এমরান গত মঙ্গলবার বিকেলে ঘুরে বেড়ানোর কথা বলে স্ত্রী বেবিকে সঙ্গে নিয়ে জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরে আসেন। এমরান স্ত্রীকে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে সন্ধ্যায় রেলগেট এলাকায় আসেন। সেখানে এমরান মিষ্টি আনার কথা বলে স্ত্রীকে একটি দোকানের পাশে দাঁড় করিয়ে চলে যান। এর পরপরই বেবির কাছে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবাইদুর রহমান গিয়ে হাজির হন। ওবাইদুর বেবিকে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা শুরু করলে তিনি হতভম্ব হয়ে পড়েন। বেবির সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগটি তল্লাশি করেন ওবাইদুর। ভ্যানিটি ব্যাগের ভেতরে কাগজে মোড়ানো ২০টি ইয়াবা বড়ি পান তিনি। পরে ইয়াবাসহ বেবিকে থানায় আনা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে বিস্তারিত খুলে বলেন বেবি। ওসির বিষয়টি সন্দেহ হলে তিনি ওবাইদুরকে ডেকে আনেন। এ সময় ওবাইদুর ওসিকে বলেন, একটি মুঠোফোন নম্বর থেকে তাঁকে জানানো হয়, লাল জামা পরা এক নারীর ভ্যানিটি ব্যাগে ইয়াবা বড়ি আছে। তখন ওই মুঠোফোন নম্বর মিলিয়ে দেখা যায়, সেটি এমরানের। পরে বেবি ফোন করে জানতে পারেন, উপজেলার তিলকপুরে এমরান অবস্থান করছেন। এ সময় বেবিকে ছেড়ে দিয়ে পুলিশ তাঁর পিছু নেয়। পরে তিলকপুরে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় এমরানকে আটক করে পুলিশ। এ সময় এমরানের পকেট থেকে ৫০টি ইয়াবা বড়ি জব্দ করে পুলিশ। এমরানকে ইয়াবাসহ মঙ্গলবার রাতেই থানায় আনা হয়।

থানায় এমরান বলেন, ‘জেলে গেলে সেই ক্ষোভ থেকে মাদক ব্যবসা করবে বেবি, এমনটা ভেবেই ভ্যানিটি ব্যাগে ইয়াবা ঢুকিয়ে পুলিশকে খবর দিয়েছিলাম। এখন নিজেই ফেঁসে গেছি।’

বেবি বলেন, ‘বিয়ের কিছুদিন পর জানতে পারি, স্বামী মাদক ব্যবসায়ী। তখন থেকেই তাঁকে সুপথে আনার চেষ্টা করে যাচ্ছিলাম। তিনি উল্টো আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। বাধ্য হয়ে সংসার করব না বলে সিদ্ধান্তও নিয়েছিলাম।’

নওগাঁ জেলা পরিষদের সদস্য ও এলাকার বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, এমরান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি মাদক ব্যবসায়ী, সেটি জানার পর বেবি তাঁকে তালাক দিতে চেয়েছিলেন।

সিরাজুল ইসলাম বলেন, এমরান জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি মাদক ব্যবসা করেন। বেবি তাঁকে এ পথ থেকে সরে আসতে বলছিলেন। তিনি মাদক ব্যবসা না ছাড়লে তিনি ঘর-সংসার করবেন না বলে সাফ জানিয়ে দেন। এতে ক্ষুব্ধ হন এমরান। তাই তিনি বেবিকে মাদক ব্যবসায় জড়ানোর ফন্দি আটেন। বেড়ানোর কথা বলে তিনি কৌশলে স্ত্রীর ভ্যানিটি ব্যাগে ইয়াবা ঢুকিয়ে নিজেই পুলিশে খবর দেন।