স্ত্রীকে মৃত, স্বামী অজ্ঞান অবস্থায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বাড়ির ঘর থেকে আজ সোমবার সকালে এক গৃহবধূকে মৃত ও তাঁর স্বামীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।


প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ দাবি করছে, দাম্পত্য কলহের জের ধরে একপর্যায়ে উভয়ে ধারালো অস্ত্র দিয়ে পরস্পরকে আঘাত করার পর স্ত্রী মারা যান ও স্বামী জ্ঞান হারান।

নিহত গৃহবধূ হলেন শাহেদা বেগম (৩৭)। তাঁর স্বামী আবদুল আজিজ (৪২) উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।


আজিজ ও শাহেদার প্রতিবেশীদের বরাত দিয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে জানান, আজ সকালে আজিজ ও শাহেদা ঘরের দরজা বন্ধ করে ঝগড়া করছিলেন।

একপর্যায়ে তাঁদের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এতে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে শাহেদাকে মৃত ও আজিজকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। আজিজকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।


ওসি বলেন, প্রতিবেশীরা ধারণা করছেন, দাম্পত্যকলহের সময় তাঁরা একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। স্বামীর আঘাতে ঘটনাস্থলে শাহেদার মৃত্যু হয়ে থাকতে পারে।