স্ত্রীকে শায়েস্তা করতে দুই শিশুর গায়ে আগুন দেন আলাউদ্দীন: পুলিশ
রাজধানীর আদাবরের দুই শিশুকে পুড়িয়ে দেওয়ার ঘটনা স্বীকার করেছেন গ্রেপ্তার আলাউদ্দীন। দুই শিশুকে পুড়িয়ে দিতে এক দিন আগেই কেরোসিন কিনে রেখেছিলেন তিনি।
সাভার থেকে গ্রেপ্তারের পর শিশু দুটিকে পুড়িয়ে হত্যা চেষ্টার আসামি আলাউদ্দীন পুলিশকে এসব তথ্য জানিয়েছে। বুধবার আদাবর থানার উপপরিদর্শক আবদুল মমিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর মুঠোফোনের কললিস্ট ধরে তাঁরা আলাউদ্দীনের অবস্থান শনাক্ত করেন। পরে সাভার থেকে বুধবার দুপুরের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্ত্রীকে শায়েস্তা করতে আলাউদ্দীন গতকাল মঙ্গলবার দ্বিতীয় স্ত্রীর ছোট ভাইবোনদের বাসায় ডেকে এনে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় ওই বাসায় তাঁর দুই স্ত্রীর কেউ ছিলেন না। এ সময় বাসার ছিটকিনি বাইরে থেকে লাগানো ছিল।
অগ্নিদগ্ধ শিশুদের চিৎকার শুনে নিচতলার এক দোকানমালিক ঘটনাস্থলে ছুটে যান। পরে বাসার মালিক আবদুল মালেকের সহযোগিতায় শিশুদের প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়েছে।
গ্রেপ্তারের পর আলাউদ্দীনকে উদ্ধৃত করে পুলিশ জানায়, আলাউদ্দীনের দুই স্ত্রী। প্রথম স্ত্রী আদাবরে এবং দ্বিতীয় স্ত্রী তাঁর মা–বাবার সঙ্গে শেখেরটেকে থাকেন। প্রথম বিয়ের কথা গোপন রেখে তিনি ওই দুই শিশুর বোনকে বিয়ে করেন। এ খবর জানার পর থেকে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আলাউদ্দীনের ঝগড়াঝাঁটি শুরু হয়।
এদিকে দগ্ধ শিশুদের একজন মিতু আক্তারের (৭) শরীরের ৯৮ ভাগ পুড়ে গেছে। তার ছোট ভাই বাপ্পীর পুড়েছে ৮ শতাংশ। দুজনেই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। মিতু ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন। মিতুর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
অভিযুক্ত আসামি আলাউদ্দীন পেশায় রিকশাচালক। তাঁর স্ত্রীরা তৈরি পোশাক কারখানায় কাজ করেন।