স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন
দাম্পত্য কলহের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের শরীফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে লোহার গরম রড ও খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়ে নির্মমভাবে নির্যাতন করেছেন স্বামী। মুমূর্ষু অবস্থায় গৃহবধূ তাসলিমা বেগমকে (২৯) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার তাসলিমা বেগমের মা জাহানারা বেগম বাদী হয়ে মেয়ে জামাই বাদল মৃধাকে (৩৮) আসামি করে থানায় একটি মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
নির্যাতিতা গৃহবধূ, স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্র জানায়, বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের যুগীহাটি গ্রামের আজিজ হাওলাদারের মেয়ে তাসলিমা বেগমের ৮-১০ বছর আগে গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের শরীফাবাদ গ্রামের বাদল মৃধার সঙ্গে বিয়ে হয়। বাদল ভাড়ায় মোটরসাইকেল চালান।
শরীফাবাদ গ্রামের বাসিন্দা সাফিয়া বেগম (৩২) ও আনোয়ার হোসেন (৪০) বলেন, তাসলিমা ও বাদলের মধ্যে বিশ্বাসের অভাব ছিল, একে অপরকে সন্দেহ করতেন। প্রায়ই বাদল তাসলিমাকে বেধড়ক পিটিয়ে জখম করতেন। দেড় বছর ধরে স্ত্রীর ওপর নির্মম নির্যাতন চালাতেন বাদল।
আহত তাসলিমা বেগম অভিযোগ করেন, মঙ্গলবার দিবাগত রাতে বাদল মৃধা এবং তাঁর পরিবারের লোকজন তাঁকে মিথ্যা অপবাদ দিয়ে মারপিট শুরু করেন। এ নিয়ে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আকস্মিকভাবে তাঁকে বিবস্ত্র করে লাঠি দিয়ে পেটাতে থাকেন এবং বেঁধে ফেলেন। তিনি বলেন, ‘আমার স্বামী বাদল ও তাঁর পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করেন। একপর্যায়ে লোহার গরম রড ও খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়ার পর ক্ষতস্থানে লবণ ও মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। তখন আমি পানি পানি করে চিৎকার করলে বাদল আমাকে বিষ মেশানো জুস পান করানোর চেষ্টা করেন। আমি ওই জুস খেতে না চাইলে আমার ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন।’
তাসলিমার বাবা আজিজ হাওলাদার বলেন, ‘মেয়ের নির্যাতনের খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখি মেয়েকে বিবস্ত্র অবস্থায় ঘরের ভেতরে শিকল বেঁধে রাখা হয়েছে। এ সময়ে বাদলের কাছে চাবি চাইলে সে আমাকে মারধর করে।’ তাসলিমার মা জাহানারা বেগম অভিযোগ করেন, ‘মঙ্গলবার রাতভর নির্যাতন করে বিনা চিকিৎসায় আমার মেয়েকে ঘরে আটকে রাখে। বুধবার বিকেলে খবর পেয়ে আমি ও আমার স্বামী শরীফাবাদ গ্রামে এলে বাদল মৃধা আমাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আমরা ডাকচিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসে। তাদের সহায়তায় তাসলিমাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বুধবার রাতে বরিশাল হাসপাতালে ভর্তি করি।’
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বাদল মৃধা বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে প্রতিবেশী এক তরুণের সম্পর্ক রয়েছে। যে কারণে তার সঙ্গে আমার প্রায়ই ঝগড়া-বিবাদ হয়। ঘটনার দিন তাসলিমা ওই তরুণের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় আটক করে শিকল দিয়ে বেঁধে তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়েছে। লোহার গরম রড ও খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ সঠিক নয়।’