স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার
খুলনার কয়রা উপজেলায় তাসলিমা খাতুন (৩২) নামের এক নারীকে তাঁর স্বামী পেটানোর পর শ্বাস রোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলা সদরের উত্তর মদিনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার ভোরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মারা যাওয়া গৃহবধূর বাবা মো. আবদুল বারিক গাজী বাদী হয়ে কয়রা থানায় মামলা করেছেন। অভিযুক্ত স্বামী হজরত আলী তরফদারকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। এই দম্পতির দুই ছেলে আছে।
কয়রা থানার ওসি শেখ শমসের আলী বলেন, পুলিশ গতকাল বুধবার ভোরে ঘটনাস্থলে গিয়ে তাসলিমার মরদেহ উদ্ধার করে এবং হজরত আলীকে গ্রেপ্তার করে। তাসলিমার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাশিরামপুর গ্রামের হজরত আলীর সঙ্গে ১৮ বছর আগে কয়রা উপজেলা সদর ইউনিয়নের উত্তর মদিনাবাদ গ্রামের আবদুল বারিক গাজীর মেয়ে তাসলিমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর আবদুল বারিক গাজী জামাই-মেয়ের থাকার জন্য নিজের বাড়িতে ঘর তুলে দেন। তিনি নিজ পরিবার নিয়ে সাতক্ষীরার দেবহাটায় থাকতেন। বিয়ের পর থেকে নানা কারণে তাসলিমাকে প্রায়ই মারধর করতেন হজরত।
ঘটনার রাতে তাসলিমা ও তাঁর ছোট ছেলে ইমন (৯) ঘরের মধ্যে ছিল। বারান্দায় তাসলিমার দাদি ছখিনা (৮০) ঘুমানো ছিলেন। রাত সাড়ে আটটার দিকে হজরত বাইরে থেকে এসে তাসলিমার কাছে টাকা চান। টাকা দিতে রাজি না হওয়ায় তিনি তসলিমাকে বেদম মারপিট করেন। পরে তাসলিমার পরিহিত শাড়ি গলায় পেঁচিয়ে শ্বাস রোধ করে তাঁকে হত্যা করা হয়।