স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পরকীয়ায় বাধা দেওয়ায় গত শুক্রবার রাতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃত নারীর নাম মঞ্জুয়ারা খাতুন (২৩)। তিনি বাইনতলা গ্রামের মফিজুল ইসলামের (৩৫) স্ত্রী।
মফিজুল ইসলাম বলেন, সংসারে মনোমালিন্যের কারণে তাঁর স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
মঞ্জুয়ারা খাতুনের চাচা জাহিদুল ইসলাম বলেন, বছর পাঁচেক আগে মফিজুল ইসলামের সঙ্গে মঞ্জুয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের সংসারে অভাব-অনটন ছিল। মফিজুল প্রায়ই জুয়া খেলতেন। এতে সংসারে অশান্তি লেগে ছিল। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশিদ গাজীর উপস্থিতিতে কয়েকবার সালিসও হয়েছে। সম্প্রতি খুলনার ডুমুরিয়া উপজেলায় কাজ করতে গিয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন মফিজুল। এতে সংসারে অশান্তি আরও বেড়ে যায়। মঞ্জুয়ারা পরকীয়ায় বাধা দেওয়ায় প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। এর জের ধরে শুক্রবার রাতে মঞ্জুয়ারাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করেন মফিজুল ইসলাম। খবর পেয়ে তাঁরা গিয়ে মঞ্জুয়ারার মৃতদেহ খাটে শোয়ানো দেখেন। যে ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার অপপ্রচার চালানো হচ্ছে, ওই ঘরে এ ধরনের সুযোগ নেই। এ ঘটনায় তাঁরা আশাশুনি থানায় মামলা করবেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।